২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস উদ্ধারে ব্যর্থতা রাষ্ট্রের: ড. মিজান

বিএনপি নেতা ইলিয়াস আলী উদ্ধার না হওয়ার দায় রাষ্ট্রের বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

লালমনিরহাট, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলী উদ্ধার না হওয়ার দায় রাষ্ট্রের বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান। রোববার এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ইলিয়াস আলী উদ্ধার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এটি রাষ্ট্রেরই দায়। দেশের জনগণ জানতে চায় নিখোঁজ ইলিয়াসের বর্তমান অবস্থা কী। আসলে ইলিয়াস জীবিত না মৃত।” ড. মিজান বলেন, “একজন রাজনৈতিক নেতা এভাবে নিখোঁজ হবে তা রাষ্ট্রযন্ত্র জানবে না তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাটের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলবাসীর অধিকার প্রতিষ্ঠায় জাতীয় মানবাধিকার কমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে। জাতীয় মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, জেলা ও দায়রা জজ ওসমান হায়দার, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহলবাসীর নানা সমস্যা প্রসঙ্গে মিজান বলেন, দহগ্রম-আঙ্গোরপোতা অবমুক্ত হওয়ার পরও সেখানে ছিটমহলবাসীর অনেক সমস্যা রয়েছে। এদের অধিকার প্রতিষ্ঠায় কমিশন কাজ করে যাবে। একদিন না একদিন তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/২০৩২ ঘ.