২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর আশা, পাওয়া যাবে ইলিয়াসকে

স্বামীর খোঁজ ১৮ দিনে না মিললেও আশা হারাননি তাহসিনা রুশদীর লুনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর খোঁজ ১৮ দিনে না মিললেও আশা হারাননি তাহসিনা রুশদীর লুনা। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রীর আশা, পাওয়া যাবে তার স্বামীকে। তাহসিনা শনিবার বিকালে তার বনানীর বাড়িতে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আমি এখনো আশায় আছি। খুঁজে পাওয়া যাবে তাকে (ইলিয়াস)।” গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ ইলিয়াসের সন্ধান চেয়ে গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাহসিনা। ইলিয়াসকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কী বলেছিল- জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সর্বাত্মক সহযোগিতা করা হবে।” তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যোগাযোগ করেনি বলে তাহসিনা জানান। “ ৬/৭ দিন হল তদন্ত কোন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়নি,” বলেন তিনি। তাহসিনা বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে, এই মানবতাকে প্রাধান্য দিয়েই সরকারের দায়িত্ব কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা।” “তবে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নেতা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আমাকে আঘাত করছে,” সরকারি দলের বিভিন্ন নেতার বক্তব্যের প্রতিক্রিয়া তাহসিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩০ ঘ.