ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় কারাবন্দি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে শুক্রবার তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সন্ধ্যায় শ্যামলীর আদাবরে ওই বাসায় গিয়ে তিনি রিজভীর স্ত্রী আনজুমান আরা আইভিসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। রিজভীর ছোট ভাই কামরুল হাসান রাজুও এ সময় উপস্থিত ছিলেন।
২৯ এপ্রিল বিএনপির হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।
হরতালের পরদিন রাতে ওই মামলায় কাকরাইলের কাছ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তার জামিন ও রিমান্ডের আবেদন নাচক করে রিজভীকে কারাগারে পাঠায় আদালত।
সন্ধ্যায় নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ কয়েকজন নেতা-কর্মী রিজভীর বাসায় যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/২১১৫ ঘ.
bdnews24