ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করতে নয় বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে।”
“আইনের চোখে সবাই সমান। রাজনৈতিক নেতা বা কর্মী সবার জন্যই তা সমানভাবে প্রয়োগ করা হবে”, যোগ করেন তিনি।
১৭ দিন ধরে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত দুই সপ্তাহে পাঁচদিন হরতাল ডাকে বিএনপি। হরতালে সচিবালয়ে বোমাবাজি এবং প্রধানমন্ত্রী দপ্তরের সামনে গাড়ি ভাংচুরের ঘটনায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতার নামে তেজগাঁও এবং শাহবাগ থানায় দুটি মামলা হয়।
এ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, “তারা সচিবালয়, আদালতসহ অন্যান্য স্থানে বোমাবাজি করে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছিল। তাই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতেই কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে।”
গত ৪০ বছরে এইচএসসি পরীক্ষা চলাকালে কখনো হরতাল না হলেও বিএনপি এখন হরতাল দিচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা কামরুল।
ইলিয়াস আলীর অন্তর্ধানের পেছনে ‘বিরোধীদলের ষড়যন্ত্র রয়েছে’ মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ হওয়ার পরবর্তী ঘটনাগুলো বিশ্লেষণ করলে ‘অনেক কিছুই’ বেড়িয়ে আসবে।
তবে এর পেছনে ‘জামায়াত, জঙ্গি কিংবা ইলিয়াসের ব্যক্তিগত শত্র“রা’ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ইলিয়াস আলী প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, “ওই দলটির (বিএনপি) অতীতে অপরাজনীতি করার ইতিহাস রয়েছে। বিষয়টি সরকারকে তলিয়ে দেখতে হবে।”
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীকী, সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর মিজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24