ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, হরতালসহ কঠোর কর্মসূচির মাধ্যমে বিএনপি ৬ মে’র পর থেকে সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু করবে।
গত হরতালের সময় গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি রফিকুল বলেন, “বিএনপির কঠোর কর্মসূচি না থাকায় সরকার আমাদের দুর্বল ভাবছে। কিন্তু আগামী ৬ মের পর সরকারের বিরুদ্ধে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু হবে।”
“বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে। দেশে রাস্তায় রাস্তায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মিছিল সমাবেশ করলেও পুলিশ তাদের বিরুদ্ধে নিচ্ছে না,” বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী ৭ মে দেশের সব বারে বিক্ষোভ হবে বলে আইনজীবী ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪৮ ঘ.
bdnews24