ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের আবেদন শুনতে বিব্রত বোধ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
এরপর অন্য একটি বেঞ্চে গেলেও ‘শোনার এখতিয়ার নেই’ বলে ফিরিয়ে দেওয়া হয় তাদের আবেদন।
বিএনপি নেতাদের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বুধবার সকালে হাইকোর্টে গিয়ে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও এ কে এম সাহিদুল হকের বেঞ্চে আগাম জামিনের আবেদন শুনতে অনুরোধ করেন।
কিন্তু বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া জানান, এ আবেদন দিনের কার্যতালিকায় না থাকায় শুনানি করা সম্ভব নয়। বিএনপি নেতাদের আইনজীবীদের আবেদনটি কার্যতালিকাভুক্ত করে রোববার আসতে বলেন তিনি।
জবাবে মওদুদ বলেন, তাদের আবেদনটি অত্যন্ত জরুরি হওয়ায় শুনানি হওয়া দরকার।
এ পর্যায়ে বিচারপতি এ কে এম সাহিদুল হক আবেদনটি শুনতে বিব্রত বোধ করলে মওদুদসহ বিএনপি নেতাদের আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে যান।
এ সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার।
মওদুদসহ বিএনপি নেতাদের আইনজীবীরা এরপর তাদের আবেদন নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে যান। ফৌজদারি আপিল শুনানির এখতিয়ার সম্পন্ন এই আদালত তাদের বলেন, তাদের বেঞ্চের জামিন শুনানির এখতিয়ার নেই।
মওদুদ তখন বলেন, “আমরা শুনেছি, আপনাদেরকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে।”
জবাবে আদালত বলেন, তারা এ বিষয়ে ‘অফিশিয়ালি’ কিছু জানেন না।
এই বেঞ্চেও শুনানির সুযোগ না পেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে বৈঠকে বসেন বিএনপিপন্থী আইনজীবীরা।
পরে ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, “আমরা একটি আদালতে গিয়েছিলাম। কিন্তু সেই আদালতের একজন বিচারপতি আমাদের আবেদন শুনাতে বিব্রত হয়েছেন।”
“আইনের শাসন অনুযায়ী একজন নাগরিকের আদালতে এসে জামিন চাওয়ার অধিকার রয়েছে। আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে”, যোগ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “হাই কোর্টের সামনে পাহারা বসানো হয়েছে। কোর্টগুলোর সামনেও সাদা পোশাকধারী দিয়ে ভরে দেওয়া হয়েছে। এ রকম অবস্থায় কোর্টে আসার পরিবেশ নেই।”
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।
এই দুই মামলায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করা হয়েছে।
মামলা হওয়ার দিনই হরতালের মধ্যে জামিনের জন্য বিশেষ পদক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে নিস্ফল হন বিএনপির আইনজীবীরা।
মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক আইনজীবীরা জামিন আবেদনের শুনানির জন্য হাই কোর্টের বিশেষ বেঞ্চ বসানোর অনুরাধ করলেও প্রধান বিচারপতি তাতে সাড়া দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১২০ ঘ.
bdnews24