২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বদলায়নি শ্রমিকের ভাগ্য’

অধিকার আদায়ে রক্তাক্ত আন্দোলনের স্মরণে মে দিবসের অনুষ্ঠানে এসে শ্রমিক নেতারা বললেন, সোয়া শ’ বছর ধরে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হলেও শ্রমিকদের ভাগ্য এখনো বদলায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিকার আদায়ে রক্তাক্ত আন্দোলনের স্মরণে মে দিবসের অনুষ্ঠানে এসে শ্রমিক নেতারা বললেন, সোয়া শ’ বছর ধরে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হলেও শ্রমিকদের ভাগ্য এখনো বদলায়নি। মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পল্টন, প্রেসক্লাব ও শহীদ মিনার এলাকা বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিকের পদভারে মুখরিত হয়ে ওঠে। পায়ে হেঁটে, বাসে কিংবা খোলা ট্রাকে চড়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু শ্রমজীবী মানুষ লাল পতাকা হাতে পল্টন, প্রেসক্লাব এবং শহীদ মিনারে আয়োজিত বিভিন্ন সমাবেশে যোগ দেন। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই সমাবেশস্থলগুলো জনসমুদ্রে পরিণত হয়। প্রেসক্লাবের সামনে ‘শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আয়োজিত সমাবেশ থেকে শ্রমআইন প্রবর্তনের দাবি জানান জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, “শুধু এ দেশেই নয়, সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের অধিকার হরণে যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে না পারলে আমাদের অধিকার আরো খর্ব হতে থাকবে।” ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবু জাফর বলেন, “জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, আমলা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। কিন্তু যাদের উৎপাদনের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই।” বাংলাদেশের শ্রমিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “পেটে ভাত নাই, ন্যায্য মজুরি নাই, শ্রমিকের সব অধিকার চলে গেছে পুলিশের বুটের তলায়।” আবু জাফর অভিযোগ করেন, সংগঠন, ট্রেড ইউনিয়ন করার কথা বললে, পরিচয়পত্র চাইলে চাকরি থাকে না। আট ঘণ্টা কাজের অধিকারও বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। শিল্প পুলিশ বন্ধ ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের স্বীকৃতি দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান শ্র্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান। তিনি বলেন, “সারা বিশ্বে শ্রমজীবী মানুষের জন্য মে দিবসে ছুটি থাকলেও বাংলাদেশের হোটের শ্রমিকদের কোনো ছুটি নাই। আর তারা আন্দোলন করতে গেলে মালিক-পুলিশের নির্যাতনের শিকার হন।” স্কপের সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খলিলুর রহমান। তিনি অবিলম্বে শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রেসক্লাবের সামনেই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক সংহতি এবং বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির যৌথ আয়োজনে আরেকটি সমাবেশ হয়। সেখানে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি শাহ আতিউল ইসলাম বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পর শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি শোষিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। শ্রমিকরা বাঁচার মতো মজুরি না পেলে গণতান্ত্রিক আন্দোলনের পথও সুগম হবে না।” অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম এ সমাবেশে বক্তব্য দেন। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও মানবিক অধিকার আদায়ের দাবিতে আরেকটি সমাবেশের আয়োজন করে জাতীয় বধির ঐক্য পরিষদ। প্রতিবন্ধী ভাতার দাবিসহ আন্তর্জাতিক আইন অনুযায়ী বধির শ্রমিক কর্মজীবী, দিনমজুর, কুলি ও কিশোরদের ন্যায্য অধিকার সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানান সংগঠনের মহাসচিব নিমাই বণিক। বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অব বাংলাদেশ, শ্রমিক জোট-বাংলাদেশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর প্রিন্টিং-বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইনিস্টিটিউট অব লেবার স্টাডিজসহ প্রায় ৩০টি শ্রমিক সংগঠন সকাল থেকেই মে দিবস উপলক্ষে সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শ্রম আইন ২০০৬ দ্রুত সংশোধন, দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ঘোষণা ও তার বাস্তবায়ন, বেতন বৃদ্ধি সাপেক্ষে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা, শিল্প পুলিশের উচ্ছেদ, মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালু, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানায় সংগঠনগুলো। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা ও সপ্তাহে একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। এর ধারাবাহিকতায় সে বছর ১ মে শ্রমিক ধর্মঘট চলাকালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ, নিহত হয় ১০ জন। সেই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেটি/কিউএইচ/জেকে/১৭১৫ ঘ.