ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধানে রোববার দিনব্যাপী হরতালের পর মঙ্গলবারের পর আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি।
হরতালের পর বিকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার এখন পর্যন্ত ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেনি। তাকে ফেরত না দিয়ে তারা (সরকার) নতুন কোনো দাবার চালের ষড়ন্ত্র করছে।
“আমরা স্পষ্টভাষায় সরকারকে বলে দিতে চাই, ইলিয়াস আলীকে সোমবারের মধ্যে ফেরত না দিলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।”
নতুন কর্মসূচি কবে ঘোষণা হবে জানতে চাইলে তিনি বলেন, “যথাসময়ে তা জানানো হবে।”
সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোব ও সোমবার দুদিন হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিক্ষিপ্ত বোমাবাজির মধ্য দিয়ে রোববার হরতাল হয়েছে। ফখরুল দাবি করেছেন, হরতালে ঢাকাসহ বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগকর্মীদের হামলায় শতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে। মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ৪৫৫ জন।
জোট শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সোমবারের হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “পুলিশ ও আওয়ামী ক্যাডারদের হামলার পরও সারাদেশে সফল হরতাল হয়েছে। আগামীকালও সফলভাবে হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।”
গত ১৭ এপ্রিল ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
ফখরুল বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাটি দেশ-বিদেশে ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এভাবে বাংলাদেশে গুম কিংবা জোরপূর্বক গায়েব হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে। কিন্তু সরকারের টনক নড়েনি।”
“এই সরকারের আমলে গুপ্তহত্যা ব্যাপক হারে বেড়েছে। সরকার কখনোই ওইসব গুপ্তহত্যার বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি। এ থেকে প্রতীয়মান হয়, হত্যা, গুম ও গুপ্তহত্যার সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে,” বলেন তিনি।
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতা ডা. জাহাঙ্গীর আলম খোকন নিহত হয়েছেন অভিযোগ করে ‘হামলাকারী’ কাসেম জেহাদীকে গ্রেপ্তার দাবি করেন বিএনপির মুখপাত্র।
এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর শনিবার রাতে ইট-পাটকেল নিক্ষেপ করে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগে বিকালে তারা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে জোট সভাপতিসহ ছয়জনকে আহত করে।
সংবাদ সম্মেলনে ছিলেন সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯০৫ ঘ.
bdnews24