২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিক্ষিপ্ত বোমাবাজি

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, এর মধ্যে দুটির বিস্ফোরণ ঘটানো হয় সচিবালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, এর মধ্যে দুটির বিস্ফোরণ ঘটানো হয় সচিবালয়ে। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার দিনব্যাপী হরতালের পর সোমবারও সকাল-সন্ধ্যা হরতাল রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মঙ্গলবারের পর আরো কঠোর কর্মসূচি দেবেন তারা। হরতালে সকাল থেকে দলীয় কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মিছিল করতে গিয়ে সারা ঢাকায় ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বিএনপির দাবি, সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা ৪৫৫ জন। হরতালে বিএনপি নেতা-কর্মীরা রাজপথে মিছিল করতে না পারলেও সরকার সমর্থকদের হরতালবিরোধী মিছিল দেখা গেছে। হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। ঢাকার সড়কে কিছু বাস চলছে, ছিল টেম্পু ও অটো রিকশাও। অন্যান্য হরতালের মতো রাজপথে প্রচুর রিকশা ছিল। হরতালে অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ। হরতাল সফল হয়েছে দাবি করে সোমবারের কর্মসূচিতেও দেশবাসীকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, “হরতাল দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না।” সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণের পর সারাদিনই বিভিন্ন স্থানে বোমাবাজি হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল বের হওয়ার পরপরই কাছাকাছি হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এরপর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মোস্তাফিজুর রহমার বাবুলসহ কয়েকজন পুলিশ তাদের ভ্যানে তুলে নেয়। কিছু সময় পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। কড়া পুলিশ পাহারার মধ্যেই বেলা ৩টা ৫১ মিনিটে সচিবালয়েন ২ নম্বর ফটকের কাছে দুটি বিস্ফোরণ ঘটে। একটি বোমা বিস্ফোরিত হয় জিরো পয়েন্টের দিকের ওই ফটকের পাশে দেয়ালে এবং অন্যটি গিয়ে পড়ে সচিবালয়ের ভেতরে গাড়ি রাখার স্থানে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গাড়িও ছিল। রমনা অঞ্চলের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মোটরসাইকেলে দুই যুবক এসে বোমা দুটি ছুড়ে দিয়েই দ্রুত পালিয়ে যায়।” সচিবালয়ের সামনে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে যান। বেলা আড়াইটায় সচিবালয় ছাড়েন তিনি। বিস্ফোরণের পর গোয়েন্দা পুলিশের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যান। দলের প্রধান সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “এই দুটি ছিল ককটেল বা হাতে তৈরি বোমা, এর ভেতরে স্পি­ন্টার ছিল না, তাই শব্দ বেশি হয়েছে।” এই ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অবশ্য বিস্ফোরণের জন্য হরতালকারীদেরওই দায়ী করেছেন। সচিবালয়ের আগে মুগদা, মিরপুর, বংশাল, আদালতপাড়া ও মালিবাগে ২৫টির বেশি বোমার বিস্ফোরণ ঘটে। মুগদায় কয়েকটি গাড়ি ভাংচুর হয়, যাত্রাবাড়ীতে গাড়ি ভাংচুরের সময় তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীতে হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী মিছিল করেছে। তবে জোট শরিক অন্য দলগুলোর তৎপরতা দেখা যায়নি। ঢাকার বাইরে হরতাল ছিল অনেকটাই নিরুত্তাপ। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট হরতাল ছিল শান্তিপূর্ণ। রাজশাহীতে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয় ৩৫ জন। সংঘর্ষ হয়েছে খুলনায়ও। নারায়ণগঞ্জে মিছিল করতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের পর বিএনপির কার্যালয়ে আগুন দেয় সরকার সমর্থকরা। গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। ইলিয়াসের সন্ধান দাবিতে গত সপ্তাহে বিএনপি তিন দিন হরতাল করলেও এবারের দুদিনের হরতাল ডাকা হয়েছে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআই/প্রতিনিধি/এমআই/২১১৫ ঘ.