জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মিছিল করায় বিকালে সাংস্কৃতিক কর্মীদের পেটানোর পর রাতে ইট ছুড়ে পাঁচ শিক্ষক ও এক সাংবাদিককে আহত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত ‘শিক্ষক সমাজের’ প্রতিনিধিদের ওপর ছাত্রলীগ কর্মীরা অতর্কিতে হামলা চালায়।
প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই শুরু হয় ঢিল।
এতে তিনি ছাড়াও সহযোগী অধ্যাপক জামালউদ্দিন রুনু, সোমা মুমতাজ, মাসুম শাহরিয়ার ও সহকারী অধ্যাপক আমিনুর রহমান খান এবং মাছরাঙ্গা টেলিভিশনের সাভার প্রতিনিধি মামুনুর রশিদ জিতু আহত হন।
‘উপাচার্যপন্থী’ হিসাবে পরিচিত ছাত্রলীগ কর্মীরা এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের ‘উপাচার্য বিতাড়ন মঞ্চ’ ভেঙে ফেলে। এর আগে শিক্ষক সমাজের আরেকটি মঞ্চ পুড়িয়ে দিয়েছিল ছাত্রলীগ কর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি আমি দেখছি।”
এর আগে ভারপ্রাপ্ত প্রক্টরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদসহ ছয়জনকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ কর্মীরা।
আহত বাকি পাঁচজন হলেন- জোটের সহ-সভাপতি মঈন মুনতাসির কার্তিক, সদস্য তৌফিকুল ইসলাম অর্ন, সুশান, সুদীপ ভট্টাচার্য ও ফরিদউদ্দীন মাসুদ আহত হন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের শরীফ, শাকিল, সম্রাটের নেতৃত্বে প্রায় ৫০ জন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কলি মাহমুদকে মারধর করে। এ সময় কাছেই অবস্থন করছিলেন সহকারী প্রক্টর সুকল্যাণ কুমার কুণ্ডু।
এরপর ছাত্রলীগ কর্মীরা রড, পাইপ, হকিস্টিক ও লাঠি নিয়ে টিএসসি এলাকায় নাটকের মহড়ারত সাংস্কৃতিক জোটের কর্মীদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, “তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
উপাচার্য শরিফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ঘেরাওয়ের মধ্যে শুক্রবার সিন্ডিকেটের জরুরি বৈঠকে আগামী ৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ে এক মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ও বাসভবনসহ সব ভবনের সামনে মিছিল, অবরোধসহ যে কোনো কর্মসূচি না করার জন্য বলা হয়।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত সিন্ডিকেটের বৈঠকে।
এসব সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শনিবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাংস্কৃতিক জোট। এরপরপরই জোট সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যায় ‘শিক্ষক সমাজ’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/২৩৩৫ ঘ.
bdnews24