২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন পর্যন্ত ইলিয়াসের জন্য ‘অপেক্ষা’

বিকেল পাঁচটার মধ্যে ইলিয়াস আলী না ফিরলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি দেবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকেল পাঁচটার মধ্যে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসারকে ‘জীবিত’ অবস্থায় ফিরে পাওয়া যাবে বলে আশাবাদী বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে এর মধ্যে ‘ফেরত’ না পাওয়া গেলে বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি, যাতে দুই দিন টানা হরতালের কর্মসূচি থাকতে পারে বলে নেতারা ইংগিত দিয়েছেন। দলের কারামুক্ত নারী নেত্রীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “বিরোধীদলের ওপর দোষ চাপানোর জন্য সরকার ইলিয়াস আলীকে ফেরত না দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিন। নইলে এর পরিণতি শুভ হবে না। আমরা এখনো বিশ্বাস করতে চাই, সরকার ৫টার মধ্যে ইলিয়াসকে ফিরিয়ে দেবে।” বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতৃবৃন্দকে নিয়ে শেরে বাংলানগরে জিয়ার কবরে যান ফখরুল। বিকেলে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা আসবে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমরা আল্টিমেটাম দিয়েছি। এখনো সেই সময় পেরিয়ে যায়নি। বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করুন। আমরা আশা করছি, এর মধ্যে সরকার ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবে।” এর আগে তিন দিন হরতালের পর মঙ্গলবার এম ইলিয়াস আলীর সন্ধান দিতে শনিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক বৈঠকের পর নেতারা ইংগিত দেন, ইলিয়াসকে শনিবারের মধ্যে ‘পাওয়া’ না গেলে পরদিন থেকে বিরোধী জোট আবার টানা হরতাল করবে। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ- এ অভিযোগে সে রাতেই থানায় জিডি এবং পরদিন হাই কোর্টে রিট করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারে র‌্যাব ইতিমধ্যে কয়েকটি অভিযান চালালেও তাতে কোনো ফল মেলেনি। ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র‌্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে খালেদা জিয়ার অভিযোগ। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ হিসাবে অভিহিত করেছেন। গত তিন বছরে সরকার ১২৭ জন রাজনৈতিক কর্মীকে গুম করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনায় গোটা বিশ্ব উদ্বিগ্ন। অ্যামিনেষ্টি ইন্টারনেশনাল, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্যের হাউজ অব কমন্স, ইউরোপীয় ইউনিয়ন ও ইন্টারনেশনাল হিউম্যান ওয়াচ হিউম্যান রাইটস সবাই এই ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে।” “রাজনীতিবিদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মোজাহিদুল ইসলাম সেলিম সাহেবরা বলছেন, তাদের নিরাপত্তা নেই। রাজনীতিকে এভাবে গুম করে সরকার গণতন্ত্রকে গুম করছে”, অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, “সরকার সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি, সৌদি কূটনীতিক হত্যাসহ কোনো হত্যাকাণ্ডের সুরাহা করতে পারেনি। হত্যাকরীর ধরা-ছোঁয়ার বাইরে। এভাবে দেশ চলতে পারে না।’’ গত সোমবার ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিনে সেলিমা রহমান, দলের নেত্রী সুলতানা আহমেদ, সাহিদা আখতার রীতি, জেবা খানসহ ১৫ জনকে পুলিশ গুলশান থেকে গ্রেপ্তার করে। বুধবার মহিলা নেতারা জামিনে মুক্তি লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১২৫৪ ঘ.