২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের বাসায় ১৮ দলীয় জোট নেতারা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতারা ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতারা ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইলিয়াসের বনানীর বাসায় গিয়ে জোটভুক্ত ছয়টি দলের নেতারা ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর সঙ্গে দেখা করেন। এ সময় খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, “শনিবারের মধ্যে ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া গেলে রোববার থেকে লাগাতার হরতাল করা হবে। হরতালে আমরা সবাই মাঠেই থাকব।” বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা জানি না ইলিয়াস আলীকে সরকার কোথায় রেখেছে, কীভাবে রেখেছে। তাকে উদ্ধারে রাজনৈতিক চাপ তৈরি করতে হবে।” ইলিয়াস আলীকে উদ্ধারে সরকারের মধ্যে আন্তরিকতার ঘাটতি রয়েছে দাবি করেন তিনি। গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। শুরু থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, সরকারি কোনো এজেন্সির লোকজন ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, ইলিয়াসকে নিয়ে বিএনপি ‘নাটক’ করছে। ২৫ এপ্রিল ১৮ দলীয় জোটের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জোটভুক্ত দলের নেতারা শুক্রবার ইলিয়াসের স্ত্রীর সঙ্গে দেখা করবেন। অন্যদের মধ্যে মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান ও মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মর্তুজা, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের আমির মাওলানা মো. ইছহাক এবং জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ইলিয়াসের বাসায় যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০১৭ ঘ.