ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার বিকেলে দেওয়া হবে ‘নাগরিক সংবর্ধনা’।
সংসদ ভবনের দক্ষিণ প্ল¬াজায় শনিবার বিকাল ৫টায় এই সংবর্ধনা দেবে ‘সমুদ্র জয় উদযাপন নাগরিক কমিটি’।
এর আগে গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ‘যুব সংগ্রাম পরিষদ’।
নাগরিক কমিটি জানিয়েছে, সম্বর্ধনায় বিশিষ্টজনদের বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ এবং সংগীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ বলে আখ্যায়িত করছে ক্ষমতাসীন দল।
অধ্যাপক জিল্লুর রহমান নেতৃত্বাধীন নাগরিক কমিটির সদস্যরা গত ৬ এপ্রিল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন।
সম্বর্ধনা উপলক্ষে এরই মধ্যে মঞ্চ নির্মাণ শেষ হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবনের আশপাশে ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে।
অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
নাগরিক কমিটিতে রয়েছেন সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইনজীবী আনিসুল হক, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসইউ/১০০১ ঘ.
bdnews24