২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো নেতাকর্মী গুমের আশঙ্কা আমীর খসরুর

বিএনপির আরো নেতাকর্মী ‘গুম’ হওয়ার আশঙ্কা করছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির আরো নেতাকর্মী ‘গুম’ হওয়ার আশঙ্কা করছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ আশঙ্কার কথা বলেন। আমীর খসরু বলেন, “সরকার নিজেদের ও পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদের দিয়ে বিএনপির আরো নেতাকর্মীদের গুম করতে পারে। জুলুম নিপীড়ন করে আন্দোলন দমন করা যাবে না। এতে আন্দোলন আরো বেগবান হবে।” নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে বিকেল ৫টায় এ সমাবেশ হয়। সমাবেশের পর বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু সরকারকে উদ্দেশ করে বলেন, “অতীতে কোন সরকারই জুলুম নিপীড়ন করে ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। আপনারাও পারবেন না।” নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদিকা রোজী কবির, সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলম। আবু সুফিয়ান বিএনপির মিছিল-সমাবেশ ভিডিও করে রাখার সমালোচনা করে বলেন, “পুলিশ সদস্যরা আমাদের মিছিলের ভিডিও করে রাখে। আমরাও আপনাদের ভিডিও করে রাখছি, সময়মত ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এএল/১৯৩২ ঘ.