ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ইলিয়াস আলীকে নিয়ে ‘লুকোচুরি’ করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরুপায় হয়েই তারা হরতাল দিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “আট দিন হয়ে গেল, এখনো ইলিয়াস আলী বা তার গাড়ি চালককের কোনো খোঁজ সরকার দিতে পারেনি। আজও গণমাধ্যমে খবর বেরিয়েছে, কীভাবে তাকে সরকারের এজেন্সির লোকজন ধরে নিয়ে গেছে। এরপরও সরকার বলছে, তাকে তুলে নেওয়া হয়নি।”
“ইলিয়াস আলীকে ফেরত না দিয়ে তারা উল্টো বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে”, অভিযোগ করেন ফখরুল।
এর আগে সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আরো হরতাল না দিয়ে বিরোধী দলের উচিৎ ইলিয়াসকে উদ্ধারে সরকারকে সহযোগিতা করা।
এর জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা হরতাল দিতে চাই না। এ ধরনের কঠোর কর্মসূচি আমরা এড়িয়ে চলি। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করার পর জনগণের কাছ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার চাপ এসেছে।”
“হরতাল আমরা কখন দিয়েছি? যখন আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিলো না তখন”, বলেন ফখরুল।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়া আলী। পুলিশ ওই রাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ইলিয়াসের গাড়ি চালক আনসারও তখন থেকে নিখোঁজ রয়েছেন।
সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে এমন অভিযোগ এনে গত রোববার থেকে টানা তিনদিন সারাদেশে হরতাল করে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইলিয়াসকে উদ্ধারের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন ওই সময়ের মধ্যে তার সন্ধান না মিললে নতুন কর্মসূচি দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারওগাঁওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজিতে চিকিৎসাধীন আহত ঠাকুরগাঁও মহিলা দলের দপ্তর সম্পাদক মাহফুজা বেগমকে দেখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীর ঘটনা নিয়ে সৈয়দ আশরাফ যা বলেছেন, তা ‘একজন মন্ত্রীর’ বক্তব্য, ‘রাজনীতিবিদের’ নয়।
“উনি সঠিক কথা বলেননি। আমি খুশি হতাম, যদি তিনি স্বীকার করতেন যে তারা ইলিয়াস আলীকে খুঁজে পাননি। অথবা তাকে তুলে নেওয়া হয়নি।”
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, “গুম, হত্যা বন্ধ করতে হবে। সরকার ইলিয়াস আলীকে ফেরত না দিয়ে উল্টো বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই- রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার পথ থেকে আপনারা দূরে সরে আসুন।”
দেশের অবস্থা সংঘাতের দিকে এগোচ্ছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, “সরকারই দেশকে ইচ্ছাকৃতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি তারা একতরফাভাবে বাতিল করেছে, সংকট তৈরি করেছে। গুম ও হত্যা বন্ধে এখনো তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
অন্যদের মধ্যে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫১৮ ঘ.
bdnews24