সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’কে কেন্দ্র করে বিএনপির ডাকা হরতালে সহিংসতায় দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনার ‘পূর্ণাঙ্গ তদন্ত’ দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি তার ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানায়।
সংস্থার বাংলাদেশ গবেষক আব্বাস ফয়েজকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “প্রতিবাদ কর্মসূচি চলাকালে এই মানুষগুলো নিহত হলো, কারা গুলি ছুড়লো তা বের করতে হলে বাংলাদেশ সরকারকে অবশ্যই স্বাধীন তদন্ত করতে হবে।
“এসব মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে।”
অ্যামনেস্টির গবেষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাব তার কৌশল পাল্টেছে বলে সন্দেহ করা হয়। তাদের ক্রসফায়ার তত্ত্ব টিকবে না। তাই হয়তো ধরণ বদলেছে।”
নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডে সরকারের নজর দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ- এ দাবি করে ইলিয়াসের স্ত্রী তাহসীনা রুশদীর লুনা থানায় জিডি ও আদালতে রিট আবেদন করেছেন। ওই রাতেই বিএনপি নেতার গাড়িটি তার বনানীর বাসার কাছে আমতলী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ইলিয়াসের সন্ধান দাবি করে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।
এ কর্মসূচির দ্বিতীয় দিন ইলিয়াসের গ্রাম সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত হয়; বিএনপির দাবি, তারা পুলিশের গুলিতে মারা যান।
এছাড়া হরতাল শুরুর আগের দিন (শনিবার) রাজধানীতে বাসে আগুন দেওয়া হলে পুড়ে মারা যান এক চালক। হরতালের দ্বিতীয় দিন সাভারে পিকেটারদের ভয়ে পালাতে গিয়ে সড়কের পাশের খাদে গাড়ি নিয়ে পড়ে মারা যান এক ট্যাক্সিক্যাবচালক।
অ্যামনেস্টি তার বিবৃতিতে বাংলাদেশে মানুষ ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। এতে বলা হয়, চলতি বছর নিখোঁজ হয়েছেন ২০ জনেরও বেশি ব্যক্তি।
এদের মধ্যে নারায়ণগঞ্জের ট্রেড ইউনিয়ন নেতা আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল ‘নিখোঁজ’ হওয়ার পরদিন টাঙ্গাইলের ঘাটাইলে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে উল্লেখ করা জয় বিবৃতিতে।
নিখোঁজ হয়ে যাওয়া অনেকের পরিবারের সঙ্গে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল- এ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, নিখোঁজ হওয়া ব্যক্তিদের অধিকাংশের ক্ষেত্রেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের সদস্যরা তুলে নিয়ে গেছে। তাদের পায়ে বুট পরা থাকায় ধারণা করা হয় তারা সবাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আর তাদের চুলও ছোট করে ছাঁটা।”
গবেষক ফয়েজ বলেন, এই ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাগুলো উড়িয়ে দেওয়া যায় না- এ মন্তব্য করে গবেষক ফয়েজ বলেন, ঘটনার শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
ইলিয়াস আলীকে সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তুলে নিয়ে গেছে বলে ইতিমধ্যে দাবি করেছেন বিএনপির প্রধান খালেদা জিয়া।
অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি নাকচ করে বলেছেন, এটি বিএনপির সাজানো ‘নাটক’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/আরআরডি/পিডি/০০৫০ ঘ.
bdnews24