ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মঙ্গলবার এক সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “আগামীকাল থেকে ওদের মোকাবেলা করতে হবে। ওরা জিতলে ওরা থাকবে। আমরা জিতলে আমরা থাকব।”
দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আওয়ামী লীগের নেতা ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এই নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাড়ান।”
‘হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টির প্রতিবাদে’ মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।
সোমবারের হরতালে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথে সহিংসতায় দুজন নিহত হয়, যারা পুলিশের গুলিতে মারা যায় বলে বিএনপির দাবি। শনিবার রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আগুনে পুড়ে মারা যান এক চালক। রোববার সাভারে পিকেটারদের হামলা থেকে পালাতে গিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে সেই গাড়ির চালক মারা যান।
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর বিরোধীদলীয় নেতা সরকারী দল এবং র্যাবকে এ জন্য দায়ী করেন।
এ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, র্যাব বিএনপির সময়ে গঠিত হয়েছিল এবং আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর এই বাহিনীর ‘খোল-নলচে’ তেমন পরিবর্তন করা হয়নি।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে ইলিয়াস আলীর ব্যক্তিগত গাড়ি তার বনানীর বাসার কাছে আমতলী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন- এ দাবি করে তার স্ত্রী তাহসীনা রুশদীর লুনা সে রাতে থানায় জিডি এবং পরদিন দিন হাই কোর্টে রিট আবেদন করেন। বিএনপির এ সাংগঠনিক সম্পাদককে উদ্ধারে র্যাব ইতিমধ্যে গাজীপুর ও ঢাকায় কয়েক দফা অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে।
মঙ্গলবারের সমাবেশে মতিয়া বলেন, ১৯৯৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে ইলিয়াস আলী যখন ছাত্রদলের সাধারণ সম্পাদক, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের পানির ট্যাংক থেকে এই ছাত্র সংগঠনের কর্মী মামুন ও মাহমুদের লাশ উদ্ধার করা হয়।
“এই জন্য ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে বেগম জিয়া এই ইলিয়াস আলীকে গ্রেপ্তার করে দু’বছর জেলে রাখেন।”
“এই রকম নেতার অবশ্য বেগম জিয়ার দরকার রয়েছে,” বলেন তিনি।
বিএনপির এই নেতাকে খুঁজে বের করতে সরকারের বিভিন্ন বাহিনী এবং সংস্থার আপ্রাণ চেষ্টার কথাও মতিয়া চৌধুরী উল্লেখ করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ অভিযোগ করেন, “বিরোধী দল ইলিয়াস আলীকে চায় না। তারা ইলিয়াস আলীকে একটি ইস্যু করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।”
“এটা মেনে নেওয়া যায় না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো মুল্যে পরিস্থিতি রক্ষা করবে।”
দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, “অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাড়ান। জনগণকে সচেতস করুন।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্দি দাস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল ও খালিদ মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৮ ঘ.
bdnews24