২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সমাবেশ করবে আ. লীগ

বিএনপির হরতালের মধ্যে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের মধ্যে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ। ‘হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টির প্রতিবাদে’ বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করে না- যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে হরতালবিরোধী এই কর্মসূচি দিল ক্ষমতাসীন দল। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুদিন হরতালের পর মঙ্গলবারও দিনব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। আগের দুদিনের হরতালে রাজপথে হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। তবে হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের কোনো মিছিল করতে দেয়নি পুলিশ। ঢাকায় হরতালের মিছিল থেকে সোমবারও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমানসহ ৪১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৩০ ঘ.