ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তিন দিন হরতাল পালন শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বৈঠক শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে রাত ১০টায় খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের সংবাদ সম্মেলনের কথা জানান।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে বর্তমান পরিস্থিতি তুুলে ধরবেন।
“দলের সাংগঠিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতি তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিতভাবে দেশবাসীকে জানাবেন।”
দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর পরদিন স্বামী ‘নিখোঁজ’ উল্লেখ করে হাই কোর্টে রিট আবেদন করেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
ইলিয়াস ‘নিখোঁজ’ হওয়ার পর রোববার ও সোমবার সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল করে। মঙ্গলবারও সারা দেশে একই কর্মসূচি দিয়েছে দলটি।
ইলিয়াসের সন্ধান দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাত ৯টায় বৈঠকে বসেন খালেদা।
রাত ১০টার কিছুক্ষণ পর বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন দলের চেয়ারপার্সন।”
ইলিয়াস আলীকে ‘ফেরত’ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করেন তিনি।
পরবর্তী সময়ে বিএনপি আবার হরতাল ডাকতে পারে কি না জানতে চাইলে গয়েশ্বর বলেন, “রাজপথে আমাদের আন্দোলন চলবে। সে ক্ষেত্রে আন্দোলনে নানা কৌশল থাকবে।”
খালেদা ইতিমধ্যে দাবি করেছেন, সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ ইলিয়াসকে ‘গুম’ করেছে।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস ‘নিখোঁজের’ ঘটনাকে বিএনপির সাজানো ‘নাটক’ হিসাবে অভিহিত করেছেন।
খালেদার সঙ্গে বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম মোরশেদ খান, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, খালেদার উপদেষ্টা শামসুজ্জামান দুদু , যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪৮ ঘ.
bdnews24