ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে তিনি এই ঘোষণা দেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, “ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দেশের কোনো মানুষই নিরাপদ নয়।”
“সরকার এ নিয়ে নানা নাটক করছে। আমরা মনে করি, সরকারই এ ঘটনার সঙ্গে জড়িত। তারাই ইলিয়াস আলী গুমের মূল নায়ক।”
দলের ‘পরীক্ষিত নেতা’ ইলিয়াস আলী ‘নিখোঁজে’ পরিবারের সদস্যদের অবস্থা বর্ণনা করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আবেগপ্রবণ হয়ে পড়েন।
বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, “তার পরিবারের ছোট মেয়েটিও আজ তজবিহ নিয়ে দিন গুনছে বাবা ফিরে আসবেন। আমরা এ অবস্থার অবসান চাই। আমরা চাই- ইলিয়াস আলী ও তার গাড়িচালক পরিবারের কাছে ফিরে আসুক।”
দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর পরদিন তার স্ত্রী ইলিয়াস ‘নিখোঁজ’ উল্লেখ করে হাই কোর্টে রিট করেন।
ইলিয়াসকে সন্ধান দাবি করে বিএনপি টানা দুদিন (রবি ও সোমবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করেছে। মঙ্গলবারও একই ধরনের হরতাল কর্মসূচি দিয়েছে দলটি।
মির্জা ফখরুল বলেন, “সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর বিরুদ্ধে ডিআইজির নির্দেশেই ১১ বছরের পুরনো মামলা প্রমাণ করে তার নিখোঁজ হওয়ার সঙ্গে সরকার জড়িত।
“আমরা ধারণা করেছিলাম, মামলার পর তাকে আদালতে হাজির করা হবে। কিন্তু সরকারের কাছে ইলিয়াস আলীর সন্ধান চাইলেও তারা তা দিচ্ছে না।”
ইলিয়াস ‘নিখোঁজের’ পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া ‘সরকার বিব্রত’ বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তার অসহায়ত্বের বক্তব্য প্রমাণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ভিন্ন মহল, অদৃশ্য ও অজ্ঞাত শক্তির নির্দেশে দেশ পরিচালিত হচ্ছে।”
“একসময়ে উচ্চ আদালত বর্তমান প্রধানমন্ত্রীকে রং হেডেড বলেছিলেন” উল্লেখ করে তিনি বলেন, “ইলিয়াস আলী গুমের ঘটনার পর প্রধানমন্ত্রী ২০ এপ্রিল বলেছেন, যে বাহিনীকে আপনারা ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছেন, আমরা তাদের মানবাধিকার শিক্ষা দিচ্ছি। আপনাদের সৃষ্টি আপনাদেরই খাবে।
“তার (প্রধানমন্ত্রী) এই বক্তব্য থেকে বোঝা যায়, ইলিয়াস আলীর ঘটনার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী জড়িত। সরকারকেই এই দায় নিতে হবে।”
গ্রেপ্তার বাড়ছে
রোববার ও সোমবার বিএনপির হরতালে সারা দেশে গ্রেপ্তারের এক হাজার একশ তিনজন দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং এক হাজার একশ ৬১ জন আহত হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।
সোমবারের হরতালেও জনগণ স্বতস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবারের হরতাল সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, “হরতালে মানুষের কষ্ট হয়। তারপরও বাধ্য হয়ে আমাদের হরতাল দিতে হচ্ছে। সরকারের দুঃশাসন ও অন্যায় রুখে দাঁড়াতে আমরা এই কর্মসূচি দিয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০৩ ঘ.
bdnews24