ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি হাতবোমায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ৮-১০ জন বিএনপিকর্মী ঝটিকা মিছিল নিয়ে বের হওয়ার পরপরই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফকিরাপুল কাঁচা বাজারের সামনে আরেকটি হাতবোমা বিস্ফোরিত হয় সকাল ৮টার দিকে।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা করা একটি ককটলে বিস্ফোরণ করে পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।”
এছাড়া রাজধানীর সূত্রাপুরের কারকোন বাড়ি লেন এলাকায় বেলা ১২টার দিকে দুটি হাতবোমা বিস্ফোরিত হয় বলে সূত্রাপাুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
“আতঙ্ক সৃষ্টির জন্যই এটা করা হয়েছে বলে আমাদের ধারণা”, বলেন তিনি।
দুপুর পৌনে ২টার দিকে নবাবপুর রোডের রায়সাহেব বাজার মসজিদের কাছে আরো একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে দুপুর পৌনে তিনটার দিকে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ের কাছে বিকট শব্দে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ওয়ারীর ওসি জানান, টিপু সুলতান রোড এলকায় বেলা সাড়ে ১১টার দিকে একটি সিএনজি অটোরিকশা আগুনে পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা। তবে এতে কোউ হতাহত হননি।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি কর্মীরা কয়েকটি হিউম্যান হলার (লেগুনা) ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এসআই/জেকে/১৫৩৮ ঘ.
bdnews24