২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ পদও ছাড়লেন সোহেল তাজ

মন্ত্রীত্ব ছাড়ার তিন বছরের মাথায় সংসদ সদস্য পদও ছাড়লেন আওয়ামী লীগের তানজিম আহমেদ, যিনি সোহেল তাজ নামেই বেশি পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 05:30 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীত্ব ছাড়ার তিন বছরের মাথায় সংসদ সদস্য পদও ছাড়লেন আওয়ামী লীগের তানজিম আহমেদ, যিনি সোহেল তাজ নামেই বেশি পরিচিত। সোমবার সকালে তার এপিএস আবু কাওসার জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের সহকারী মোহাম্মদ শামীমের কাছে এই পদত্যাগপত্র জমা দেন। আবু কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সংবিধানের ৬৭ (২) ধারা অনুযায়ী সোহেল তাজ এই পদত্যাগপত্র দিয়েছেন। তবে সংসদ সদস্যের প্যাডে লেখা এই পত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা হয়নি। ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে আবু কাওসার জানান। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন) নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (সোহেল তাজ) পদত্যাগ র্সক্রান্ত একটি চিঠি সকালে পৌঁছেছে। বিধি অনুযায়ী এখন তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।” ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে সে সময় রাষ্ট্রপতি তা ‘গ্রহণ করেননি’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। ওই পদত্যাগপত্র জমা দেওয়ার তিন বছর পরও সোহেল তাজের ব্যাংক হিসাবে প্রতিমন্ত্রীর বেতন-ভাতা জমা হতে থাকায় গত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন তিনি। পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান। ওই চিঠিতে সোহেল তাজ বলেন, “২০০৯ সালের ৩১ মে বাংলাদেশ সংবিধানের ৫৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগপত্র দিই। ১ জুন আবারো সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। এরপর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রী হিসেবে আমি কোথাও কোনো কিছুতে স্বাক্ষর করিনি।” সেই সময় থেকে তার ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এসআই/জেকে/১১২০ ঘ.