২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিমা রহমানসহ আটক ১৫

হরতালের সমর্থনে মিছিল করার সময় গুলশান থেকে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মিছিল করার সময় গুলশান থেকে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া পল্টন ও ঢাকা মেডিকেলের সামনে থেকে আটক করা হয়েছে আরো পাঁচ জনকে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান-১ নম্বর এলাকার শান্তা গার্মেন্টসের সামনে থেকে সোমবার সকালে ১০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, সাবেক সাংসদ সাহিদা আক্তার রীতা, নারী নেত্রী জেবা খান ও আমেনা খাতুনও রয়েছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে দলের নেতাকর্মীরা গুলশান-১ নম্বর এলাকার শান্তা গার্মেন্টসের সামনে জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা গার্মেন্টের পেছনে আশ্রয় নিলে সেখান থেকে পুলিশ ১০ জনকে তুলে নিয়ে যায়। এদিকে সোমবার ভোরে হরতাল শুরুর আগেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে বেরিক্যাড বসায় পুলিশ। সকালে কিছু নেতাকর্মী মিছিল করতে গেলে পুলিশ চারজনকে আটক করে ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদল কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এ সময় আটক করা হয় আরো এক জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসআই/জেকে/১০০৯ ঘ.