ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে হরতাল আহ্বানের প্রেক্ষাপটে আগামী সোমবার রাজবাড়ীতে ডাকা জনসভা স্থগিত করেছেন খালেদা জিয়া।
রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ২৩ এপ্রিলের জনসভা আপাতত স্থগিত করা হয়েছে।”
গত মঙ্গলবার মধ্যরাত ঢাকার বনানীর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ইলিয়াস আলী নিখোঁজ। সরকার তাকে গুম করেছে দাবি করে এর প্রতিবাদে আগামী রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
রাজবাড়ী রেলওয়ে মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারপারসনের বক্তব্য দেওয়ার কথা ছিল।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের পর রাজবাড়ীতে জনসভার মধ্য দিয়ে খালেদা জিয়ার জেলা সফর শুরু হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩০ ঘ.
bdnews24