লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হওয়ার আগে বাংলা মটর, ইস্কাটন ও রূপসী বাংলা হোটেল (শেরাটন) এলাকায় এম ইলিয়াস আলীর মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করেছে র্যাব।
র্যাব আরো জানতে পেরেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেটের এক সাংবাদিকের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল সিলেট-২ আসনের এই সাবেক সংসদ সদস্যের।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনানীর বাড়ি থেকে দুজন ব্যক্তির সঙ্গে ইলিয়াস আলীর গাড়িতে ওঠার তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হলেও তাদের নাম-ধাম কিছুই জানতে পারেনি র্যাব।
বুধবার প্রথম প্রহরে (রাত দেড়টার দিকে) মহাখালীর আমতলী সংলগ্ন একটি গলিতে ইলিয়াস আলীর গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে পাওয়া যায়নি ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসারকে।
তদন্তের সঙ্গে যুক্ত র্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টা ২ মিনিটে সিলেটের ওই সাংবাদিকের সঙ্গে ইলিয়াস আলীর সর্বশেষ কথা হয়। তখন ইলিয়াস আলীর মোবাইলের অবস্থান ছিল ইস্কাটন এলাকায়।
“র্যাবের একজন কর্মকর্তা ওই সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। এলাকার উন্নয়ন নিয়ে কিছু লেখালেখি করা যায় কি না তা নিয়ে তাদের কথা হয়েছে বলে ওই সাংবাদিক র্যাবকে জানিয়েছেন,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, ওই রাতে বাংলামটর, ইস্কাটন, শেরাটন হোটেল এলাকার ইলিয়াস আলীর মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করা গেছে।
ওই রাতে রূপসী বাংলা হোটেলে ইলিয়াস আলী গিয়েছিলেন এবং এক ব্যক্তির সঙ্গে দেখাও করেছিলেন বলে জানতে পেরেছে র্যাব।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা ছাড়াও সিলেট বা ঢাকায় রাজনৈতিক, ব্যবসায়িক, পারিবারিক কোনো দ্বন্দ্ব এর মধ্যে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিকের আগে চালক আনসারের সঙ্গে মোবাইলে ইলিয়াসের কথা হয় বলে জানতে পেরেছে র্যাব।
পুলিশের বক্তব্য অনুযায়ী, রাত দেড়টার দিকে আমতলীর গলিতে দরজা খোলা অবস্থায় ইলিয়াস আলীর গাড়িটি পড়ে ছিল। ইলিয়াসের বাড়ি ওই স্থানের কাছেই।
গাড়িতে চালক আনসারের মোবাইল ফোন পড়ে ছিল। এটি যে ইলিয়াসের গাড়ি, ওই মোবাইল থেকে কল করেই পুলিশ তা নিশ্চিত হয়।
ইলিয়াস আলীর বাড়ির তত্ত্বাবধায়ক শফিকুর রহমান ও পুলিশের বক্তব্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে দুজনকে সঙ্গী করে প্রাইভেটকারটি নিয়ে বের হন বিএনপি নেতা। গাড়ি চালাচ্ছিলেন আনসার।
এই দুজন কারা ছিলেন, তা এখনো জানা যায়নি বলে র্যাবের ওই কর্মকর্তা জানান।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তের প্রয়োজনে গুরুত্বপূর্ণ যে সব তথ্য দরকার ইলিয়াস আলীর পরিবার বা তার দলের পক্ষ থেকে সে রকম তথ্য পাওয়া যাচ্ছে না। তারা তথ্য দিয়ে সহায়তা করলে তদন্ত কাজ দ্রুত হত।”
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির অভিযোগ। স্বামীর সন্ধান চেয়ে বৃহস্পতিবার হাই কোর্টে রিট আবেদনেও তা বলেছেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি বলেছেন, “র্যাবের লোকররা তাকে ধরে নিয়েছে।”
তবে র্যাব ও পুলিশ জানিয়েছে, ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলিয়াস নিখোঁজের এই ঘটনা বিএনপির ‘নাটক’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৩৫ ঘ.
bdnews24