২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্রজয়’ নিয়ে সরকারকে বির্তকে ডাকলেন ফখরুল

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয় নিয়ে সরকারের সঙ্গে জাতীয় বিতর্ক আয়োজনের প্রস্তাব দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয় নিয়ে সরকারের সঙ্গে জাতীয় বিতর্ক আয়োজনের প্রস্তাব দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিজয় হয়েছে বলে ঢাকঢোল পিটিয়ে অসংখ্য তোরণ নির্মাণ করে প্রধানমন্ত্রী গণসংবর্ধনা নিচ্ছেন। “অথচ কিসের সমুদ্র জয় হয়েছে, কোথায় জয় করেছেন, আমরা তা জানতে চাই। মিয়ানমারের সঙ্গে সীমানা নির্ধারণের পর আমাদের ব্লকগুলো তারা নিয়ে গেছেন।” “তাই ব্যর্থতার দায় আড়াল করতে এবং জনগণকে বোকা বানানোর জন্য সরকার এরকম গণসংবর্ধনার অনুষ্ঠান করছে।” বিএনপি সমুদ্র বিজয় নিয়ে সরকারের সঙ্গে বিতর্কে রাজি আছে বলে এ সময় উল্লেখ করেন বিএনপির এ নেতা। গত মাসে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা নির্ধারণ মামলার রায় হয় যা বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমা দুশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে। এই রায়ের পরপর বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেও পরে তা ফিরিয়ে নেয় দলটি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণবিরোধী; সরকারের সর্বত্র দুর্নীতি’র প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ হয়। ‘সমুদ্র বিজয়ের’ জন্য বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আওয়ামী যুব লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) দুই ভাগের নির্বাচনী কার্যক্রম সীমানা নির্ধারণের কারণ দেখিয়ে উচ্চ আদালতের তিন মাস স্থগিত করে দেওয়া প্রসঙ্গে বিএনিপর মুখপাত্র মির্জা ফখরুল বলেন, “ঢাকাকে দুই ভাগ করে অবৈধভাকে প্রশাসক নিয়োগ দিয়ে ভেবেছিল সরকার একতরফা নির্বাচনী বৈতরণী পার হবে। কারণ তাদের ধারণা ছিল- ডিসিসি দুই ভাগ হওয়ায় বিএনপি অংশ নেবে না। “কিন্তু যখন আমরা বলেছি, নির্বাচনে চমক আছে তখন তারা আদালতে রিট করে নির্বাচনকে বন্ধ করছে।” সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩০ ঘ.