২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নতুন জোটের ঘোষণা বুধবার

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নতুন এ জোটের ঘোষণাপত্র উপস্থাপন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বে সম্প্রসারিত নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটছে বুধবার। বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণাপত্র উপস্থাপন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান। তবে নতুন জোটের নাম কী হবে- সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে চার দলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেন খালেদা জিয়া। ওইদিন তিনি নতুন জোটের নাম না বললেও চারদলীয় জোট নেতারা বলেছিলেন, নতুন জোটের নাম হতে পারে ‘সম্মিলিত গণতান্ত্রিক জোট’। তবে এ নামও পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেছেন তারা। ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমন্ত্রণপত্রে নতুন জোটের নাম উল্লেখ করা হয়েছে ‘১৬ দলীয় জোট’। সাহাদাত হোসেন সেলিম বলেন, “আগে আমরা প্রস্তাব করেছিলাম- নতুন জোটে রাজনৈতিক দলের আসার পথ খোলা রাখার জন্য জোটের নাম সম্মিলিত গণতান্ত্রিক দল রাখতে। যেহেতু জোট নেত্রীর ওপর নামকরণ নির্ধারণের দায়িত্ব ছিলো, সেখানে আমাদের কিছু বলার নেই।” জোট সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার রাতে শুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চারদল ও সমমনাদের বৈঠক আছে জানিয়ে নেজামী বলেন, বৈঠকে নতুন জোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয়। বর্তমানে এই জোটে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিশ রয়েছে। এর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি ও ন্যাপ ভাসানী নতুন জোটে যোগ হচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫৪৮ ঘ.