ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ এলেও বিএনপি বলছে, আইনের ফাঁক সরকারই রেখে দিয়েছিল, যাতে এই নির্বাচন আটকে যায়।
তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় ওয়ার্ড সীমানা জটিলতায় রোববার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করে।
এর প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমরা আগে থেকেই এই আশঙ্কা করেছিলাম। আইনের বিভিন্ন ফাঁক-ফোকর দিয়ে সরকার এটা বন্ধ করেছে।”
গত শুক্রবার এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছিলেন, সরকার ডিসিসি নির্বাচন বন্ধের ‘চক্রান্ত’ করছে।
তবে মওদুদের এই সন্দেহ অমূলক বলে সেদিনই উড়িয়ে দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
ডিসিসি নির্বাচন নিয়ে রিট আবেদনটি করেছে হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
ফখরুল বলেন, “ডিসিসিকে দুই ভাগ করে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার ধারণা করেছিল, বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না। যখন আমরা বলেছিলাম, নির্বাচনে চমক আছে। তখনই তারা (সরকার) হতাশ হয়েছে।”
ইলেকট্রনিক ভোটিং মেশিনে আপত্তি জানিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করলেও ঢাকার নির্বাচন নিয়ে শুরু থেকেই তাদের প্রস্তুতি দেখা যায়।
ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে দেরির দিকে ইঙ্গিত করে ফখরুল বলেন, বিগত নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে একাধিকবার বলেছিল। কিন্তু তারা কখনো তাতে রাজি হয়নি।
অবিভক্ত ঢাকার শেষ মেয়র, বিএনপি নেতা সাদেক হোসেন খোকাও নবগঠিত দুই সিটি কর্পোরেশন নির্বাচন আটকে যাওয়ার জন্য সরকারকেই দায়ী করেন।
তিনি বলেন, “এটা সরকারের একটি কৌশল। তারা আগেই বুঝে গেছে, তাদের জনপ্রিয়তার শূন্যের কোঠায়। তাই এখন সুকৌশলে আইনের ফাঁক খুঁজে নির্বাচনকে বন্ধ করেছে।”
“অতীতেও তারা আদালতের ওপর ভর করে বিভিন্ন কাজ করেছে,” বলেন সাদেক হোসেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে ডিসিসি নির্বাচন আর হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯২১ ঘ.
bdnews24