২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সুরঞ্জিতকে ‘রক্ষা’ করেননি: ফখরুল

সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় শুরু থেকে সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের দাবি তোলা বিএনপির মুখপাত্র এ কথা বলেছেন রেলমন্ত্রীর ‘অব্যাহতি’র ঘোষণার পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় শুরু থেকে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেও পদত্যাগের পর বিএনপির মুখপাত্র ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতি ‘এক পথে’ না চলার কারণে তাকে মন্ত্রিত্ব ছাড়তে ‘বাধ্য’ করা হয়ে থাকতে পারে। সোমবার বিকালে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ অভিমত দেন ফখরুল। তিনি বলেন, “সরকার ও সুরঞ্জিত বাবুর রাজনীতি এক পথে চলছে না বলেই তাকে হয়তো পদত্যাগ করতে হয়েছে। কারণ এর আগে সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তাকে প্রধানমন্ত্রী রক্ষা করেছেন।” তবে সুরঞ্জিত সেনের ক্ষেত্রে তা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে চাপে ছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনার পর বিএনপিসহ বিভিন্ন দল থেকে পদত্যাগের দাবি ওঠলেও পদত্যাগ না করার ব্যাপারে অনঢ় ছিলেন সুরঞ্জিত। অবশ্য সোমবার দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলন করে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন এই প্রবীণ নেতা। সুরঞ্জিত হলেন বর্তমান সরকারের দ্বিতীয় ব্যক্তি যিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেন। ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী কেন সুরঞ্জিত সেনগুপ্তকে প্রটেকশন দিলেন না (রক্ষা করেননি)- তা আমাদের বোধগম্য নয়। এমন হতে পারে, আওয়ামী লীগ ও সুরঞ্জিত সেন গুপ্তের রাজনীতি একই পথে চলছে না।” দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এ সময় অন্যদের মধ্যে চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খানও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত গত ২৮ নভেম্বর রেলমন্ত্রী হিসাবে শপথ নেন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত এবারই প্রথম মন্ত্রী হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/১৯২০ ঘ.