২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এবার সরকারের ‘পদত্যাগ’ চায়

ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর দায়’ নিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের পর সরকারের ‘পদত্যাগ’ দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের পর সরকারের ‘পদত্যাগ’ দাবি করেছে বিএনপি। ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর দায়’ নিয়ে সোমবার দুপুরে সুরঞ্জিতের মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণার পর বিকালে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “পদ্মা সেতু প্রকল্প দুর্নীতির কারণে অর্থায়ন বন্ধ করে দিয়েছে বিশ্ব ব্যাংক। সংসদীয় কমিটি প্রস্তাব নিয়ে বিমানের দুর্নীতির অভিযোগ তুলেছে। প্রতিটি মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে। “আমরা মনে করি, সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগে প্রমাণিত হয়েছে সরকারের কাঠামো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই আমরা বলব, আর কাল বিলম্ব না করে সরকারের পদত্যাগ করা উচিৎ।” সরকার ও সুরঞ্জিত সেনগুপ্তের ‘রাজনীতি এক পথে’ না চলার কারণে তাকে পদত্যাগ করতে হয়ে থাকতে পারে বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে সোমবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। ফলে চাপের মুখে পড়েন রেলমন্ত্রী। বিএনপিসহ বিভিন্ন দল থেকে সুরঞ্জিতের পদত্যাগের দাবি উঠলেও জবাবে সুরঞ্জিত বলেছিলেন, বিরোধী দল তাকে মন্ত্রীর পদ দেয়নি; তাই তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না। পরে অনেক নাটকীয়তা শেষে সোমবার দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন সুরঞ্জিত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই ঘটনায় আমার সম্পৃক্ততা না থাকার পরও আমি অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।” সুরঞ্জিত হলেন বর্তমান সরকারের দ্বিতীয় ব্যক্তি যিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেন। রেলমন্ত্রী মনে করেছিলেন প্রধানমন্ত্রী তাকে ‘প্রটেকশন’ (রক্ষা করবে) দেবেন- এ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “কিন্তু প্রধানমন্ত্রী তাকে (সুরঞ্জিত সেনগুপ্ত) রক্ষা করেননি।” “প্রধানমন্ত্রী কেন সুরঞ্জিত সেনগুপ্তকে প্রটোশন দিচ্ছেন না- তা আমাদের বোধগম্য নয়। এমন হতে পারে, আওয়ামী লীগ ও সুরঞ্জিত সেন গুপ্তের রাজনীতি একই পথে চলছে না।” বিএনপি ছাড়াও টিআইবি, দেশের জনসাধারণ, সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিকরা রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বলে এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। রেলমন্ত্রীর পদত্যাগের পরও ৭০ লাখ টাকার ‘অর্থ কেলেঙ্কারির’ তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফখরুল বলেন, “এই পদত্যাগের ফলে তদন্ত সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওই গাড়ির চালক এখন নিখোঁজ। এপিএস উধাও। মহাব্যবস্থাপক ইউসুফ মৃৃধা তদন্ত কমিটির সামনে চা খেতে খেতে জবানবন্দি দিয়েছেন। “তারা দুর্নীতির অর্থ ভাগ-বাটোয়ারা করে সবাই মিলে নিয়েছেন। তাই তদন্ত ফলাফল কী হবে, তা আমাদের জানা আছে।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের প্রতিক্রিয়া দেওয়ার সময় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত গত ২৮ নভেম্বর রেলমন্ত্রী হিসাবে শপথ নেন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিতের এটাই প্রথম মন্ত্রিত্ব। শেখ হাসিনার গত সরকারে তিনি মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। দেড় দশক আগে আওয়ামী লীগে যোগ দেওয়া সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যানও ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪১ ঘ.