ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ পর ‘চাপে’ থাকা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেননি বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
সকাল ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছান সাড়ে ১০টায়। তবে বাইরে উপস্থিত সাংবাদিক বা কর্মকর্তাদের কেউ রেলমন্ত্রীকে সভায় ঢুকতে দেখেননি।
উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সুরঞ্জিতকে গণভবনে ডেকে নিয়ে ঘণ্টাখানেক কথা বলেন। সোমবার দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে সুরঞ্জিতের।
গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল চলছে।
গণমাধ্যমের খবরে এসেছে, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও তার কম্যান্ড্যান্ট এনামুল হকও সেসময় ওই গাড়িতে ছিলেন।
উদ্ভূত পরিস্থিতিতে রেলমন্ত্রী রোববার জানান, ইউসুফ আলী মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; চাকরিচ্যুত হয়েছেন ওমর ফারুক তালুকদারকে। এছাড়া কমান্ডেন্ট এনামুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া ওমর ফারুক ও তার স্ত্রী মারজিয়া ফারহানার ব্যাংক হিসাবও (একাউন্ট) জব্দ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিএনপিসহ বিভিন্ন দল থেকে সুরঞ্জিতের পদত্যাগের দাবি উঠলেও জবাবে সুরঞ্জিত বলেছেন, বিরোধী দল তাকে মন্ত্রীর পদ দেয়নি; তাই তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনাটি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দলের নেতা মাহাবুব-উল আলম হানিফ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত গত ২৮ নভেম্বর রেলমন্ত্রী হিসাবে শপথ নেন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিতের এটাই প্রথম মন্ত্রিত্ব। শেখ হাসিনার গত সরকারে তিনি মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন।
দেড় দশক আগে আওয়ামী লীগে যোগ দেওয়া সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যানও ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২০০ ঘ.
bdnews24