লাবলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারীর অর্থ কেলেঙ্কারির কারণে চাপের মধ্যে থাকা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষে দাঁড়িয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা।
শনিবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা দাবি করেছেন, সুরঞ্জিত ষড়যন্ত্রের শিকার এবং তাতে জড়িত মৌলবাদী গোষ্ঠী।
চট্টগ্রামের হাটহাজারী এবং সাতক্ষীরার কালীগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন সংগঠনটির নেতারা।
এপিএসের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার কয়েকদিন আগেই সুরঞ্জিত সাতক্ষীরার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।
গত সোমবার এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ার পর সুরঞ্জিতের পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল। ঘটনাটি দুঃখজনক বলেছে সুরঞ্জিতের দল আওয়ামী লীগও।
দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম বড় ধরনের চাপে পড়ার কথা স্বীকার করে সুরঞ্জিত অবশ্য দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
কালীগঞ্জ এবং হাটহাজারীর ঘটনায় প্রবাসে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নবেন্দু বিকাশ দত্ত সংবাদ সম্মেলনে বলেন, “চট্টগ্রাম ও সাতক্ষীরায় সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর হামলার সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের মিল রয়েছে।
“সুরঞ্জিত সেনগুপ্ত হচ্ছেন মহাজোট সরকারের গুরুত্বপূর্ণ একটি উইকেট, এর পতন ঘটানো সম্ভব হলে অনেকেই লাভবান হবেন। বিশেষ করে রাজনৈতিক শক্তিকে যারা ক্ষমতায় দেখতে চায় না।”
সুরঞ্জিতকে অপদস্থ করতে পারলে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে আগ্রহী মহল লাভবান হবে বলে তার দাবি।
ঐক্য পরিষদের নেতা রতন বড়–য়া ও টমাস দুলু রায়, সুশীল সাহা, শিতাংশু গুহ সংবাদ সম্মেলনে ছিলেন।
এদিকে এপিএসের কাছে টাকা পাওয়ার ঘটনা সুরঞ্জিতের ‘দুর্নীতির’ প্রমাণ দাবি করে তাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) জ্যাকসন হাইটসে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে নিউ ইয়র্ক বিএনপি।
নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাজোট সরকারের মন্ত্রী, এমপি এবং আত্মীয়-স্বজনেরা যে গত ৩ বছরে শত শত কোটি টাকার দুর্নীতি করেছে, সুরঞ্জিতের ঘটনায় তা দেশবাসীর সামনে স্পষ্ট হল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.
bdnews24