বাগেরহাট, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের দশানী ও সোনাতলা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে তাদের আটকের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মংলা উপজেলার গাববুনিয়া গ্রামের সৈকত হোসেন (১৮), সদর উপজেলার পাচুলি গ্রামের শরিফুল ইসলাম মোড়ল (১৯), একই উপজেলার মাদারতলা গ্রামের আরাফাত হোসেন (১৮), মোরেলগঞ্জ উপজেলার পাঠামারা গ্রামের সাইফুল ইসলাম (১৭) এবং শরণখোলা উপজেলার বনিয়াখালী গ্রামের নসরুল্লাহ (১৮)।
এদের মধ্যে প্রথম দুইজন বাগেরহাট সরকারি পি.সি. কলেজের এবং অপর তিন জন শহর সংলগ্ন বাদেকাড়াপাড়া গ্রামের খান জাহান আলী মাদ্রাসার ছাত্র।
আবু জিহাদ জানান, নাশকতা কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সরকার বিরোধী কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
অবশ্য গ্রেপ্তারকৃতরা দাবি করেছেন, ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নিখোঁজ অর্থ-সম্পাদক মু. ওয়ালিউলÍাহ ও সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাসকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশিত পোস্টার লাগানোর সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭১৩ ঘ.
bdnews24