মাগুরা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫০টি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করা হয়।
উপজেলার ছাবিনগর গ্রামে বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়। নিহত খইবর মণ্ডল (৫৮) ছাবিনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত ইউপি নির্বাচনের সময় থেকেই গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিম মোল্যা ও প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইউসুফ মণ্ডলের মধ্যে বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে বুধবার দুপুরে হালিম মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের বাদশা নামের এক যুবককে মারধর করে। এরপরেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হালিম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইউসুফ মোল্যা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, সংঘর্ষে ইউসুফের সমর্থক খইবর ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ৫০টি বসতঘর ভাঙচুর করা হয়।
প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গুরুতর আহত দেলবার, ওসমান, আকেল, জিহাদ, হাবিব, স্বপন, রিপন, মাজেদুল, রহমান ও সাঈদকে মাগুরা সদর হাসপাতালে ও অন্যদের দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে ১৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনো মামলাও হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯০৪ ঘ.
bdnews24