২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি নির্বাচন নিয়ে নড়চড় আ. লীগে

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর মহানগরীর সংসদ সদস্য ও নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর মহানগরীর সংসদ সদস্য ও নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি জানানো হলেও এর আলোচ্যসূচি বলা হয়নি। তবে বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করতেই এই উদ্যোগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার সন্ধ্যায় দলের ধানমণ্ডি কার্যালয়ে ঢাকা মহানগরীতে দলীয় সব সংসদ সদস্যদের বৈঠকে ডেকেছেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৬টায় ওই বৈঠক হবে। পরদিন বৃহস্পতিবার ওই কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওই এলাকায় বসবাসকারী কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্যদের এক যৌথসভা হবে বলে জানান মৃণাল। ওই কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওই এলাকায় বসবাসরত নেতা এবং সংসদ সদস্যদের যৌথসভা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ এপ্রিল। ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের সমর্থনে মেয়র প্রার্থী হতে প্রচার চালাচ্ছেন সাঈদ খোকন, হাজী মোহাম্মদ সেলিম ও আওলাদ হোসেন। এছাড়া মহাজোট শরিক জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদও প্রচার চালাচ্ছেন। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আখতারুজ্জামান ও চিত্রনায়ক ফারুকের নাম গণমাধ্যমে আলোচিত হচ্ছে। এছাড়া মহাজোট শরিক জাসদ নেত্রী শিরিন আক্তারও প্রচার চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৫৮ ঘ.