২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালজামায়াত আইনজীবীদের ‘ওয়াকআউট’

কিছু বিদেশি পত্রিকার প্রতিবেদন আলামত হিসাবে গ্রহণের প্রতিবাদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে গেছেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ও জামায়াতে ইসলামীর অন্য নেতাদের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু বিদেশি পত্রিকার প্রতিবেদন আলামত হিসাবে গ্রহণের প্রতিবাদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে গেছেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ও জামায়াতে ইসলামীর অন্য নেতাদের আইনজীবীরা। মঙ্গলবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পর সাঈদীর মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন তার জবানবন্দি উপস্থাপন চালিয়ে যান। এ সময় তদন্ত কাজে ব্যাবহৃত তথ্য উপাত্তগুলো আদালতে উপস্থাপন করেন তিনি। জামায়াতে ইসলামীর নেতা সাঈদীর মানবতাবিরোধী অপরাধ নিয়ে ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত ২৪টি প্রতিবেদন, মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগ্রহ করা ১৯৭১ এর বিভিন্ন বিদেশি পত্রিকার নিবন্ধের পাঁচটি ভলিউম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর থেকে সংগ্রহ করা ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ভিডিও চিত্র এবং বঙ্গবন্ধুর ছবির অ্যালবাম মামলার আলামত হিসাবে আদালতকে দেখাতে থাকেন হেলালউদ্দিন। দুপুরের পর তিনি বিদেশি পত্রিকার নিবন্ধের পাঁচটি ভলিউম প্রদর্শন শুরু করলে সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এতে আপত্তি তোলেন। এসব তথ্য উপাত্ত তাদের আগে সরবরাহ করা হয়নি জানিয়ে এগুলো আলামত হিসাবে গ্রহণের বিরোধিতা করেন তিনি। এ পর্যায়ে ট্রাইব্যুনাল জানায়, এসব নথির অনুলিপি আসামি পক্ষকে সরবরাহ করার সুযোগ নেই। আইনজীবীরা চাইলে জেরার সময় সেগুলো দেখতে পারেন। এ সময় রাজ্জাক বলেন, এভাবে তার মক্কেল সুবিচার পাবেন না। কাজেই তিনি অন্য আইনজীবীদের নিয়ে বেরিয়ে যেতে চান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক জবাবে বলেন, “এটা আপনাদের ইচ্ছা।” তখন এই ট্রাইব্যুনালে বিচারাধীন ছয় জামায়াত নেতার অন্য ১১ জন আইনজীবীকে নিয়ে বেরিয়ে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রাজ্জাক। এই ঘটনায় ট্রাইব্যুনালে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই আদালতের কার্যক্রম মুলতবি হয়ে যায়। এ ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এ সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এছাড়া একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। শুনানিতে বদানুবাদ দুপুরের পর আসামি পক্ষের হয়ে শুনানি শুরু করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যেহেতু রাষ্ট্রপক্ষ আগে এই নথিগুলো আসামি পক্ষকে দেয়নি, তাই এগুলো আমলে নেওয়া হলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এর বিধিবহির্ভূত হবে। অভিযুক্তরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। তখন পাল্টা যুক্তি দেখিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, “আমরা জব্দ তালিকায় এগুলো উল্লেখ করেছি। আসামিপক্ষ যখন প্রয়োজন মনে করবেন, এগুলো পর্যবেক্ষণের সুযোগ তাদের রয়েছে।” ভলিউমগুলো প্রমাণ হিসেবে নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজ্জাক বলেন, যদি আদালতে মামলার প্রমাণ হিসেবে এগুলো উপস্থাপন করে তাহলে আসামি পক্ষের কাছেও তার একটি অনুলিপি থাকা প্রয়োজন। এই পর্যায়ে বিচারপতি নিজামুল হক বলেন, রাষ্ট্রপক্ষ প্রতিটি তথ্যের তিন সেট করে কপি ট্রাইব্যুনালে জমা দিয়েছে, কিন্তু ভলিউমের বিষয়টি ভিন্ন। “এই ভলিউমের মাত্র একটি কপিই রয়েছে, কারণ এটি জব্দ করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। এর আগ পর্যন্ত এটা প্রদর্শনের জন্য উন্মুক্ত ছিল।” “কিন্তু মামলার প্রমাণ হিসেবে আপনাকে কপিটি দেয়া হয়েছে, এ বিষয়টি আমাদের জানানো উচিত ছিল,” বলেন রাজ্জাক। তখন আদালত বলে, জব্দ তালিকায় এর উল্লেখ রয়েছে এবং তা আসামিপক্ষের অন্য আইনজীবীদের কাছেও রয়েছে। রাজ্জাক এরপরও ভলিউমের একটি কপি দেওয়া উচিত ছিল বললে আদালত তা দেখিয়ে বলে, এই একটি কপিই প্রসিকিউশন বিভাগ ট্রাইব্যুনালে দিয়েছে। তবে এটা পর্যবেক্ষণের সুযোগ আসামি পক্ষের রয়েছে। তখন রাজ্জাক বলেন, “আমাদের পর্যবেক্ষণের আগেই এই ভলিউমটি এই মামলার প্রমাণ হিসেবে উপস্থাপন করাটা সঠিক হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না।” বিচারপতি নিজামুল হক তখন বলেন, “অর্থাৎ আপনি বলছেন, এই ভলিউমটি আপনাদের পর্যবেক্ষণের আগে আদালতে উপস্থাপন করা যাবে না?” “আমার অবশ্যই এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমার পর্যবেক্ষণের পর মাননীয় আদালত আমার বক্তব্য শুনবেন, তারপর এগুলো এভিডেন্স আকারে আদালতে প্রদর্শন করা যেতে পারে,” বলেন রাজ্জাক। এরপর আদালত বলে, “এতে দীর্ঘসূত্রতা তৈরি হবে, আর আদালত এ ধরনের টেকনিক্যাল বিধি মানতে বাধ্য নয়।” তখন রাজ্জাক বলেন, “সেক্ষেত্রে আমি বলব, আমরা আপনাকে সহযোগিতা করতে ব্যর্থ হব।” ট্রাইব্যুনাল প্রধান তখন বলেন, “এটা ঠিক নয় জনাব রাজ্জাক। আপনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, আপনার আবেদন গ্রহণ করা যাচ্ছে না।” “সেক্ষেত্রে আমি এই আদালত ত্যাগ করার অনুমতি চাইছি,” বলেন রাজ্জাক। বিচারপতি নিজামুল হক তখন বলেন, “এটা আপনার ইচ্ছা।” এরপর রাজ্জাক বলেন, “এর ফলে যে ৯.৪ নং ধারা লঙ্ঘন হচ্ছে, সে ক্ষেত্রে আপনার বক্তব্য কী?” আদালত তখন বলে, “আপনি তা বলতে পারেন না। কারণ ৯.৪ ধারা লঙ্ঘন করে এখানে কিছু ঘটছে না।” এরপর কয়েকবার রাজ্জাক বলেন, আসামি পক্ষ নিজ খরচে এই তথ্যের অনুলিপি প্রস্তুত করবে। তখন বিচারপতি নিজামুল হক বলেন, এটি সম্ভব হলে তা আসামি পক্ষ পাবে। সেক্ষেত্রে আসামি পক্ষের পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি রাখার আহ্বান জানান রাজ্জাক। নিজামুল হক তখন বলেন, “আমরা অবশ্যই এ বিষয়ে আলোচনা করতে পারি, তবে আদালতের কার্যক্রম চলবে, মুলতবি হবে না।” “ভবিষ্যতেও আপনি এ ধরনের কোনো তথ্য প্রমাণ হিসেবে গ্রহণ করবেন না,” আদালতের প্রতিশ্রুতি চান রাজ্জাক। নিজামুল হক তখন বলেন, “ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারছি না।” রাজ্জাক তখন বলেন, “তাহলে কি আমরা আদালত ত্যাগ করতে পারি?” “তা পারেন,” বলেন ট্রাইব্যুনাল প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসডব্লিউ/জেকে/এমআই/২৩৪০ ঘ.