২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ প্রমাণিত হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ প্রমাণিত হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে বিএনপি। ‘দুর্নীতির’ অভিযোগে তদন্তের মুখে থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের একটি ইউনিটের ওপর বিশ্ব ব্যাংকের সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে টেনে পদত্যাগের এ দাবির কথা বলেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “[বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্তের পর] প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি। “এখন দুর্নীতির অভিযোগে তদন্তাধীন কানাডীয় প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে বিশ্ব ব্যাংক- এতেই প্রমাণিত হয় প্রকল্পে দুর্নীতি হয়েছে।” “দুর্নীতি প্রমাণিত হওয়ায় আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।” বিএনপির রোববারের দিনব্যাপী জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবির প্রস্তাব আসে বলে জানান মির্জা ফখরুল। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে সবচেয়ে বড় ঋণদাতা (১২০ কোটি ডলার) বিশ্ব ব্যাংক গত সেপ্টেম্বরে এসএনসি-লাভালিন সংক্রান্ত ‘দুর্নীতির’ অভিযোগে অর্থছাড় স্থগিত করে। এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক ৬১ কোটি, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারশেন এজেন্সি ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য চুক্তি করলেও বিশ্ব ব্যাংকের ঘোষণার পর তাদের অর্থায়নও ঝুলে যায়। এসএনসি-লাভালিনের একটি ইউনিটের ওপর বিশ্ব ব্যাংকের সাময়িরক নিষেধাজ্ঞা আরোপের খবর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ হয় মঙ্গলবার। বিশ্ব ব্যাংকের ‘দুর্নীতির’ অভিযোগের কয়েক মাস পর তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেয় সরকার। তার জায়গায় আসা ওবায়দুল কাদের পদ্মা সেতু নিয়ে মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে রোববার একটি প্রতিনিধি দল নিয়ে কুয়ালালামপুর যান। মালয়শিয়া পদ্মা সেতু প্রকল্পে আগ্রহ প্রকাশ করে গত ফেব্রুয়ারিতে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবরই বলে আসছেন, এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন এখনো সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০১ ঘ.