২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরক্ত ট্রাইব্যুনালের প্রশ্ন, জাতি কী সঙ্কেত পাচ্ছে

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশনের প্রস্তুতির অভাব এবং আসামি পক্ষের আইনজীবীর অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশনের প্রস্তুতির অভাব এবং আসামি পক্ষের আইনজীবীর অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার প্রসিকিউশনের আবেদনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার কার্যক্রম দুপুর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এছাড়া মুলতবি করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল¬ার বিরুদ্ধে মামলার শুনানি। প্রসিকিউশনের কাছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক জানতে চান, এভাবে চললে জাতি কী সংকেত পাবে? সকালে আদালতের কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর মোহাম্মদ আলী ট্রাইব্যুনালকে বলেন, সাঈদীর মামলার কিছু নথি এখনো আদালতে পৌঁছেনি। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সেগুলো নিয়ে আসছেন। এ কারণে শুনানি শুরু করতে আরো সময় প্রয়োজন। এ সময় বিচারপতি নিজামুল হক বলেন, “আপনার এই আবেদনে আদালত অসন্তুষ্ট।” এরপর প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে উদ্দেশ্য করে বিচারক বলেন, “চিফ প্রসিকিউটর সাহেব, আমরা তাহলে এখানে ঘুমিয়ে থাকি। আপনার প্রসিকিউটর আসুক, রাজ্জাক সাহেব (আসামি পক্ষের আইনজীবী) আসুক, আমরা ঘুমাই। “বারবার এভাবে মামলার কার্যক্রম মুলতবি করা হচ্ছে। বেলা দুইটার মধ্যে কোর্ট নেমে গেলে পাবলিককে কী সিগন্যাল দেব”, প্রশ্ন রাখেন তিনি। এরপর সাঈদীর মামলার কার্যক্রম দুপুর পর্যন্ত পিছিয়ে দেন বিচারক। এদিকে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে তার আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য দিন রাখা ছিল সোমবার। কিন্তু তার পক্ষের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক দেশের বাইরে থাকায় শুনানি মুলতবি করে দেন বিচারপতি নিজামুল হক। ফের কবে এ মামলার শুনানি হবে- সে বিষয়ে কোনো আদেশ দেননি তিনি। এই ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এ সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। এছাড়া মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল¬ার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২৪০ ঘ.