ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ট্রাইব্যুনাল থেকে আরেকটিতে মামলা স্থানান্তরের সুযোগ তৈরি করতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন (সংশোধন) ২০১২ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, আগামী দুই একদিনের মধ্যে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে।
সচিব বলেন, “আইন সংশোধনের ফলে এক ট্রাইবুন্যাল থেকে অপর ট্রাইবুন্যালে মামলা স্থানান্তর করা যাবে। যা আগের আইনে করা যেত না।”
যেহেতু বর্তমানে সংসদ অধিবেশন চলছে না এবং আইনটি করা ‘খুব জরুরি’ তাই মন্ত্রীসভা অধ্যাদেশ জারির মাধ্যমে আইনটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ১৯৭৩ সালের আন্তজার্তিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী জামায়াতে ইসলামী ও বিএনপির আট নেতার বিরুদ্ধে মামলা শুরু হয়। এর দুই বছরের মাথায় গত ২৫ মার্চ শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল।
সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করতে এ দুই ট্রাইব্যুনালের মধ্যে মামলা স্থানান্তরেরও ব্যবস্থা করা হবে।
মোশাররাফ হোসেন জানান, ট্রাইবুন্যাল নিজ উদ্যেগে বা ট্রাইবুন্যালের প্রধান প্রসিকিউটরের সুপারিশে মামলা স্থানান্তরের বিধান রাখা হয়েছে সংশোধিত আইনের খসড়ায়।
তুরস্কের সঙ্গে শুল্ক চুক্তি
মন্ত্রিসভার বৈঠকে তুরস্কের সঙ্গে শুল্ক সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সচিব মোশাররাফ হোসাইন।
তিনি জানান, এ চুক্তি হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধ, শুল্ক গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং শুল্ক বিভাগ পর্যায়ে সহযোগিতা বাড়বে।
আগামী ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে সচিব জানান।
এছাড়া তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বিশেষ পাসপোর্ট-ভিসা চালুর একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি।
সচিব বলেন, এ চুক্তি হলে তুরস্ক ও বাংলাদেশের কূটনৈতিক, সরকারি ও বিশেষ পার্সপোর্টধারীদের যাওয়া-আসায় কোনো ভিসা লাগবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24