২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শনিবার তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 05:42 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নোয়াখালী, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শনিবার তিনটি মামলা হয়েছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং শহর বিএনপির সাধারণ সম্পাদকের পরিবারে তিন সদস্য বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। বাদীরা হলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের দুই ভাই আবু তাহের ও আবু সাদেক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের ভাতিজা আবদুল্লাহিল ওয়ায়েছ মারুফ। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ও বিস্ফোরক আইনে এ তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আবু তাহেরের মামলায় সদর উপজেলা যুবদল সভাপতি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মুক্তা ও কলিম উল্লাহসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়। আবু সাদেকের মামলায় স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক শাহ জাফরউল্লা রাসেল, যুগ্ম আহবায়ক গোলাম রসুল মনাসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আবদুল্লাহিল ওয়ায়েছ মারুফের মামলায় জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক সামছুদ্দোহা মিঠু ও নোয়াখালী সরকারি কলেজ শাখা আহবায়ক জহিরুল ইসলাম তারেকসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়। ছাত্রদলের সদর উপজেলা, নোয়াখালী শহর ও নোয়াখালী সরকারি কলেজ শাখার সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শহরে জেলা বিএনপি সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ভাঙচুরও হয়। এরপর প্রশাসন পুরো শহরে ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারার মধ্যেই জেলা ছাত্রদল নেতারা শহরতলীর বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সদর, শহর ও সরকারি কলেজ শাখার কর্মী সম্মেলন সম্পন্ন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.