২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সরকার চান বি চৌধুরী

দেশ গভীর সঙ্কটে রয়েছে দাবি করে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ থেকে উত্তরণের জন্য জাতীয় সরকার গঠন করা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ গভীর সঙ্কটে রয়েছে দাবি করে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ থেকে উত্তরণের জন্য জাতীয় সরকার গঠন করা উচিত। শুক্রবার বিকালে বারিধারায় বিকল্পধারার এক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় একথা বলেন তিনি। বদরুদ্দোজা চৌধুরী বলেন, “দেশ মহাসঙ্কটে, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিদ্যুতের অভাবে শিল্প কল-কারখানা বন্ধ ও কৃষি উৎপাদন কমে যাচ্ছে।” “বিদ্যুতের জন্য বাংলাদেশে গণবিস্ফোরণ হতে পারে। সুতরাং জাতীয় এই সঙ্কট মোকাবেলায় এখন জাতীয় সরকার গঠন করা উচিৎ।” সন্ত্রাস দমন, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিকল্পধারা সভাপতি। বি চৌধুরী বলেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এ সময় সরকারের সমালোচনা করে বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরী বলেন, “তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।’’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবু মোজাফফর আহমেদ, আবদুল আজিজ আখন্দ, ওবায়দুর রহমান মৃধা, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩৩৪ ঘ.