রংপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বরখেলাপের অভিযোগ এনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, রংপুরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিলেও তিনি তা বাস্তবায়ন করেননি।
শুক্রবার রংপুরের দর্শনা এলাকায় স্থানীয় জাতীয় পার্টির উদ্যোগে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, “প্রধানমন্ত্রী রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করে এর কার্যক্রম শুরুর কথা দিলেও তা পালন হয়নি। এ দাবি আদায়ে প্রয়োজনে সারাদেশে হরতাল দেওয়া হবে।”
আগামী ৮ এপ্রিল রংপুরে সংবাদ সম্মেলন ডাকার কথা জানিয়ে তিনি বলেন, “সেখানে সরকারকে এক মাসের সময় দেওয়া হবে। এর মধ্যে রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা না হলে অনির্দিষ্টকালের জন্য রংপুরে হরতাল ডাকা হবে।”
জাতীয় পার্টির সহযোগিতা না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারতো না বলে দাবি করেন এরশাদ।
তিনি বলেন, “আমি আর সহযোগী হতে চাই না। আমার সাহায্যে কেউ ক্ষমতায় যাক আমি তা আর করতে চাই না। জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়াতে চায়।”
‘সক্ষম’ পুরুষের শাসন
জনগণ আর দুই নেত্রীকে ক্ষমতায় দেখতে চায় না- এমন মন্তব্য করে সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, “দেশের জনগণ সব দলেরই শাসন দেখেছে। মানুষ আর দুই নেত্রীর শাসন দেখতে চায় না। তারা চায় একজন সক্ষম পুরুষের নেতৃত্ব।”
এ কারণেই জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করবে বলে অন্য একটি দলীয় সভায় বলেন এরশাদ।
রংপুরে এসব দলীয় কর্মসূচিতে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির নেতা মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর পৌরসভার মেয়র ও আব্দুর রউফ মানিক, জাতীয় পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি করিম উদ্দিন ভরসা, সদস্যসচিব মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জাতীয় পার্টির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১২০ ঘ.
bdnews24