২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৌদিরা তদন্তে আসেনি, এসেছে অগ্রগতি জানতে’

সৌদি সংবাদপত্র বাংলাদেশ পুলিশকে ব্যর্থ বললেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, তদন্তে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি কর্তৃপক্ষ এক রকম বললেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলছেন, খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদ থেকে আসা দলটি এসেছে তদন্তের অগ্রগতি জানতে। বুধবার সফররত সৌদি দলটির সঙ্গে বৈঠকের পর মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। সৌদি আরবের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এই দলটি গঠিত হয়েছে। হত্যাকাণ্ডের একমাস পার হলেও সৌদি নাগরিক হত্যাকাণ্ডের কোনো সুরাহা না হওয়ায় তদন্ত দল পাঠায় রিয়াদ। আরব নিউজে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে তদন্ত নিয়ে বাংলাদেশ পুলিশের ব্যর্থতার দিকে ইঙ্গিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী আলাউদ্দিন আলআসকারি আরব নিউজকে বলেন, তার দেশের দলটির ঢাকায় যাওয়ার উদ্দেশ্য তদন্ত এগিয়ে নেওয়া। অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। আরব নিউজে সৌদি উপমন্ত্রীর এই বক্তব্যের পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি দলের বৈঠকে থাকা স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ এবং পুলিশপ্রধান খোন্দকার হাসান মাহমুদও বলেন, সৌদি কর্মকর্তারা এসেছেন তদন্তের অগ্রগতি জানতে। সাহারা খাতুন বলেন, “সফরকারী দল জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের বিষয়ে প্রথম থেকেই খোঁজ খবর রেখেছেন, গোয়েন্দা সংস্থার তদন্তের বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।” বুধবার সন্ধ্যায় সৌদি দলটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সৌদি দলটির সঙ্গে পুলিশের তদন্ত দলের বৈঠক হবে। সৌদি আরবের আট সদস্যের এই দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধি রয়েছেন। পুলিশের তদন্তের অগ্রগতি রয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্ত কার্যক্রম ‘সন্তোষজনকভাবে’ এগিয়ে চলছে, তদন্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড তদন্তে সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের একটি দল মঙ্গলবার সকালে পৌছে। গত ৫ই মার্চ রাতে সৌদি নাগরিক এবং ঢাকায় সে দেশের দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন, পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড নিয়ে গুলশান থানায় অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন কিংবা এতে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। খালাফ হত্যা তদন্তে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সহায়তা ঢাকার পক্ষ থেকে চাওয়া হয়নি। তবে সৌদি আরব তদন্তে তাদের আগ্রহ বাংলাদেশকে জানায়। তাতে সম্মত হয় বাংলাদেশও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১৪ ঘ.