২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে নজিরবিহীন অস্বচ্ছতা: আনোয়ার

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সূত্র ধরে এই অভিযোগ তুললেন বিএনপির নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর অনুপস্থিতিতে জবানবন্দি গ্রহণকারী এক পুলিশ কর্মকর্তাকে জেরা করা হয়েছে। এভাবে সাক্ষীর অনুপস্থিতিতে জেরা ও প্রশ্ন করার কোনো বিধান প্রচলিত আইনে নেই। “এটা আইনের শাসন নয়, জঙ্গলের শাসনের চেয়েও বড় খারাপ নজির সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সূত্র ধরে এই অভিযোগ তোলেন। সাঈদীর বিরুদ্ধে বেশ কয়েকজন সাক্ষীর সন্ধান না পাওয়ায় প্রসিকিউশন বিভাগের আবেদনে স¤প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তাকে দেওয়া ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ দিয়েছে। তবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা এখনো শুরু হয়নি। তা শুরুর জন্য আগামী ৮ এপ্রিল তারিখ ধার্য রয়েছে। জামায়াতের জোটসঙ্গী বিএনপি শুরু থেকেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে, যে ট্রাইব্যুনালে জামায়াতের ছয় জন এবং বিএনপির দুই জন নেতার বিচার প্রক্রিয়া চলছে। সাবেক আমলা এম কে আনোয়ার বলেন, “ট্রাইব্যুনালে যে পদ্ধতিতে বিচার চলছে, তাতে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।” “সরকারকে বলব, প্রয়োজনে আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করুন,” আহ্বান জানান তিনি। বিএনপি এই অভিযোগ করে এলেও সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সব ব্যবস্থাই করা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ গত মাসেও বলেন, “অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন, আইনজীবী নিয়োগ করতে পারছেন। অভিযুক্তদের আইনজীবীরা সাক্ষীদের জেরা করার সুযোগও পাচ্ছেন।” ‘সেন্টার ফর ডেমোক্রেসি: অ্যা পিস স্ট্যাডিজ’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বাংলাদেশ : চতুর্মুখী আগ্রাসনে অতিষ্ঠ জনপদ’ শীর্ষক আলোচনা সভায় এম কে আনোয়ার সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। লোডশেডিংয়ের মধ্যেও বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, “কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে সরকার প্রতিবছর ২০ হাজার কোটি টাকার লুটপাট করছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। উৎপাদন বাড়লে কেন এই মৌসুমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গ্রামাঞ্চলের মানুষ সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না। তা হলে কোথায় গেল বিদ্যুৎ?” “তিনি (প্রধানমন্ত্রী) দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী ছয় বছর ভারতের ভাত-নুন খেয়েছেন। তার প্রতিদানে তিনি ভারতকে সবকিছু উজাড় করে দিচ্ছেন,” বলেন আনোয়ার। জনজীবনে সঙ্কট অবসানে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ‘সেন্টার ফর ডেমোক্রেসি: অ্যা পিস স্ট্যাডিজ’র নির্বাহী পরিচালক সাদেক রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুদ্ধাপরাধ মামলায় আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, অধ্যাপক আবদুল হাই, শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.