ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সরকারি অর্থ ‘লুটপাট’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “ব্যাংকগুলোতে তারল্য সঙ্কটের কারণে ৩০ হাজার ডলার দিয়েও ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। অথচ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে সরকার কোটি কোটি টাকা লুটপাট করছে। ওইসব লুণ্ঠিত টাকা আওয়ামী লীগের লোকজনের বালিশের নিচে গচ্ছিত আছে।”
বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের জন্য ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলে এলেও এতে ব্যবহৃত জ্বালানি তেলের জন্য ভর্তুকি দিতে গিয়ে সরকারকে ব্যাংকগুলো থেকে ঋণ নিতে হচ্ছে বেশি।
সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়ায় শিল্পোদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা।
২১ অগাস্ট মামলায় তারেক রহমানের বিচার শুরুর প্রতিবাদে আয়োজিত ওই সভায় বিএনপির প্রচার সম্পাদক ফারুক সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।
তিনি বলেন, “যারা একদলীয়ভাবে দেশ পরিচালনা করে, সংবাদপত্রের কণ্ঠরোধ করে, তাদের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করার উদ্দেশ্য আন্দোলন থেকে বিএনপি চেয়ারপারসনকে পিছু হটানো- এই মন্তব্য করে তিনি বলেন, “তবে আন্দোলন থেকে আমাদের নেত্রী তথা বিএনপিকে সরানো যাবে না।”
বিএনপির দাবি অনুযায়ী ১০ জুনের মধ্যে নির্দলীয় সরকারের বিল সংসদে আনার জন্য সরকারি দলকে রাজি করাতে স্পিকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক।
তা না হলে বর্তমান সরকারের ‘চরম পরিণতি’ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, সাংবাদিক মহিউদ্দিন খান মোহন প্রমুখ।
এদিকে সকালে লেবার পার্টির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিরোধী দলের ওপর দমন নির্যাতন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে এই কর্মসূচিতে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৪ ঘ.
bdnews24