ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে কি না তা নিয়ে ‘শঙ্কা’ প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেছেন, “বাংলাদেশে সুদিনের কোনো চিহ্ন নেই। সামনে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে আশঙ্কায় আছি।”
শনিবার বিকালে পুরান ঢাকার সুরিটোলা প্রাইমারী স্কুল মাঠে এক জনসভায় এরশাদ বলেন, “সামনে মারামারি হবে-কাটাকাটি হবে। সামনে গণতন্ত্র থাকবে কি থাকবে না- তা নিয়ে আমরা সবাই চিন্তিত।”
ভবিষ্যতে বাংলাদেশের সামনে অন্ধকার- এ মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের যেখানে যাই, মানুষ দুই দলকে চায় না। এমন অকার্যকর সংসদ চায় না। মানুষ এবার জাতীয় পার্টিকে চায়।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ফিরোজ রশিদকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, “জাতীয় পার্টির বিজয় যাত্রা ঢাকা মহানগর দিয়ে শুরু করতে হবে।”
মহাজোট শরিক জাতীয় পার্টি বলে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তিনশ আসনেই এককভাবে নির্বাচন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৪৩ ঘ.
bdnews24