ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম আবার বাড়ানোর সমালোচনা করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ‘কমিশন’ নিতেই সরকার জনগণের ওপর দুর্ভোগ চাপিয়ে দিয়েছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এ নিয়ে গত তিন বছরে সরকার বিদ্যুতের দাম পাঁচ দফা বাড়িয়েছে। সর্বশেষ দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের ওপর মরার ওপর খাড়ার ঘা হয়েছে।
“এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যই শুধু বাড়বে না, পরিবহন ব্যয়সহ মানুষের দুর্ভোগও সমানহারে বাড়বে।”
খুচরা বিদ্যুতের দাম প্রতি ইউনিটে গড়ে ৩০ পয়সা এবং পাইকারি দাম ২৮ পয়সা হারে বৃহস্পতিবার বাড়ানো হয়, যা এই মাস থেকেই কার্যকর হয়েছে। এ নিয়ে চলতি বছর দ্বিতীয় দফায় বিদ্যুতের দাম বাড়ল।
কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে সাবেক জ্বালানিমন্ত্রী মোশাররফ বলেন, “কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে জনসাধারণের জন্য কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না। এসব প্রকল্প স্থাপনের বদৌলতে সরকার কমিশন নিয়ে নিজেদের পকেট ভারী করছে।”
কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকারের ভর্তুকি ‘জনগণের পকেট কাটা’ বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় গ্রিডে ৩ হাজার বিদ্যুৎ সংযোজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় মোশাররফ বলেন, “প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয়, তা হলে দেশে কেন এত লোডশেডিং? শহরে আট ঘণ্টা, গ্রামাঞ্চলে ১৮/১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তাহলে জাতীয় গ্রিডে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যায় কোথায়?”
ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিচ্ছে।
“জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার এখন বিএনপিকে রুখতে অবলীলাক্রমে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে,” বলেন তিনি।
স্পিকারের কাছে উপদেশ চাই না: ফারুক
সংসদে স্পিকার আবদুল হামিদের বক্তব্যের সমালোচনা করে তার নিরপেক্ষতা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার এক আলোচনা সভায় বলেছেন, “বৃহস্পতিবার স্পিকার বিরোধী দল ও বিরোধীদলীয় নেতা সম্পর্কে যেসব উক্তি করেছেন, তা দম্ভোক্তি ছাড়া কিছুই নয়।”
বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের শেষ দিনে বিরোধী দলকে অনুপস্থিত দেখে সমালোচনা করেন স্পিকার।
বিরোধী দলের রাজপথের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি সংসদে আনুষ্ঠানিকভাবে না তোলার দিকে ইঙ্গিত করে স্পিকার বলেন, “তিনি (খালেদা জিয়া) কোনটা মানেন? ওনার বলা উচিত ছিল- তত্ত্বাবধায়ক তারা কোনভাবে চান, কোন রূপরেখায় চান?”
ফারুক বলেন, “বিরোধীদলীয় নেতা সংসদে কী বলবেন, না বলবেন, তার উপদেশ স্পিকার কেন দেবেন। তিনি (আবদুল হামিদ) কি বিরোধী দলের নেতার রাজনৈতিক উপদেষ্টা?”
স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন বলেন, “আমরা সব সময় বলে এসেছি, যারা দলীয় পোশাক পরিধান করেন, তাদের পক্ষে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা সম্ভব নয়। স্পিকারের বৃহস্পতিবারের বক্তব্য তার প্রমাণ বহন করে।”
সংসদে বিরোধীদলীয় সদস্যদের আচরণে স্পিকারের হতাশা প্রকাশের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “তিন বছর সংসদে মিথ্যাচার, অশ্লীল বক্তব্য দিয়েছে সরকারি দল। তখন স্পিকার ডান দিকে (সরকারি দল) কখনো এরকম অ্যাকশনের কথা বলেননি।”
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআই থেকে অর্থ ‘নেওয়া’সহ খালেদা জিয়াকে কটাক্ষ করে দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে স্পিকারের প্রতি আহ্বান জানান ফারুক।
এই দাবি জানিয়েই বৃহস্পতিবারের অধিবেশনে যায়নি টানা ৭৭ কার্যদিবস বর্জনের পর গত অধিবেশনেই সংসদে ফেরা বিরোধী দল।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জিয়া নাগরিক সংসদের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৩০ ঘ.
bdnews24