২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী ডিজিটাল ব্যানার ছাড়া কিছুই দেননি’

চট্টগ্রামের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে এ কথা বলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা প্রহসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে তিন বছরে চট্টগ্রামে কোনো উন্নয়ন হয়নি। “ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামের সমাবেশে এসে অসংখ্য ডিজিটাল ব্যানার ছাড়া আর কিছুই উপহার দিতে পারেননি। সরকারের মেয়াদের শেষ দিকে এসেও উন্নয়নের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না দিয়ে চট্টগ্রামের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার নিজের ঘোষণাকেই তিনি প্রহসনে পরিণত করেছেন।” চট্টগ্রামের প্রথম ফ্লাইওভারসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গত বুধবার চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের মহাসমাবেশে তিনি বলেন, “আমি চট্টগ্রামে এসেছি উপহার নিয়ে।” ওই মহাসমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই শুক্রবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি। প্রধানমন্ত্রীর সমাবেশের সঙ্গে গত ৯ জানুয়ারি একই মাঠে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশে উপস্থিতির তুলনা এবং গত বিএনপি সরকারের আমলে চট্টগ্রামের উন্নয়ন পরিস্থিতির সঙ্গে বর্তমান সরকারে সাড়ে তিন বছরের তুলনা করে সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন আমীর খসরু। তিনি বলেন, “দলকে রাজনৈতিক ও দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার পর চট্টগ্রামের সমাবেশে প্রধানমন্ত্রী শিষ্ঠাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসলে ‘খড়কুটো আঁকড়ে’ বাঁচার চেষ্টা চালিয়েছেন।” চট্টগ্রামের জনগণ প্রধানমন্ত্রীর সমাবেশকে প্রত্যাখান করেছে- এমন দাবি করে নগর বিএনপির সভাপতি বলেন, “তিনি চট্টগ্রামের উন্নয়ন ও সমস্যা সমাধানের কথা না বলে অপরের প্রতি বিষোদগার করেছেন।” প্রধানমন্ত্রী তার সফরে ফ্লাইওভার, ফটিকছড়ির রাবার ড্যাম, এলজিইডি ভবনসহ যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন- গত বিএনপি সরকারের আমলেই সেগুলোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী। আমীর খসরু দাবি করে, প্রধানমন্ত্রীর মহাসমাবেশে খালেদা জিয়ার সমাবেশ চেয়ে কম লোক এসেছে। “তাদের নেতারা সমাবেশে ১০ লাখ লোক সমাগমের যে কথা বলছেন তা চরম মিথ্যাচার।” খালেদা জিয়াকে ইংগিত করে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “একজন প্রধানমন্ত্রী হয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেত্রী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা জঘন্য ভাষায় যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত।” চট্টগ্রামে তিনটি বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি দাবি করে আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের সমাবেশে কয়েকজন মন্ত্রী চট্টগ্রামে বিদ্যুৎ সংকট কেটে গেছে বলেছেন। তাদের এই দাবি হাস্যকর। প্রধানমন্ত্রীর মহাসমাবেশের সময়ও বিভিন্ন এলাকায় চরম লোডশেডিং চলছিল।” গত বিএনপি সরকারের আমলে চট্টগ্রামে বিদ্যুৎ বা গ্যাসের এমন সংকট ছিল না দাবি করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় আসলে চট্টগ্রামসহ সারাদেশে এ সংকট থাকবে না। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবীর, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি শামসুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৩২০ ঘ.