২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুদ্রাপাচার: সাক্ষ্য দিলেন ওসি কামালউদ্দিন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিন। ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেইন বৃহস্পতিবার এই পুলিশ কর্মকর্তার জবানবন্দি শোনার পর আসামি পক্ষের জেরার জন্য আগামী ৫ এপ্রিল দিন রাখেন। দুর্নীতি দমন কমিশন ২০০৯ সালের ৫ নভেম্বর গুলশান থানায় এ মামলা দায়েরের সময় কামাল উদ্দিন ওই থানার ওসি ছিলেন। বৃহস্পতিবার দুদকের আইনজীবী তার কাছে মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি তা আদালতে অবহিত করেন। তার জবানবন্দি শেষে মামুনের আইনজীবীরা জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন অসুস্থ। এ কারণে মামলার শুনানি মুলতবি করা প্রয়োজন। আদালত শুনানি মুলতবি না করে জেরার জন্য আসামি পক্ষকে ৫ এপ্রিল দিন দেন। এ মামলার আগের সাক্ষী পুলিশ পরিদর্শক আলীমুজ্জামানকেও ওইদিন জেরা করবেন মামুনের আইনজীবীরা। আলীমুজ্জামান গত ১৬ ফেব্রুয়ারি সাক্ষ্য দিলেও খোন্দকার মাহবুবের অসুস্থতার কারণে তারও জেরা বাকি থেকে যায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়। গত বছরের ৮ অগাস্ট অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছে। তারেকের পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না। তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩৩০ ঘ.