২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে সহিষ্ণু হতে আহ্বান

বিরোধী মতের প্রতি সহিষ্ণু হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সমর্থক অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী মতের প্রতি সহিষ্ণু হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সমর্থক অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা। খালেদা জিয়ার বিভিন্ন কর্মসূচিতে সরকারি ‘বাধা’র বিষয়টি উল্লেখ করে ১০০ জন নাগরিক বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানায়। ‘শত নাগরিক’ ব্যানারে এই ফেরামের সদস্য সচিব আবদুল হাই শিকদার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “এই সময়ের কিছু ঘটনাবলিতে মনে হচ্ছে, সরকার অঘোষিতভাবে একদলীয় স্বৈরশাসনের পথে এগিয়ে চলছে।” গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ, ২৬ মার্চ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার স্মৃতিসৌধে যাওয়া এবং ২৭ মার্চ রূপসী বাংলা হোটেলে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বাতিলের ক্ষেত্রে সরকার সরাসরি বাধা দিয়েছে বলে অভিযোগ বিবৃতিদাতাদের। “একজন সাবেক প্রধানমন্ত্রী ও সংসদে বিরোধীদলীয় নেতার প্রতি যদি এই আচরণ করা হয়, তাহলে সাধারণ নাগরিকরা সঙ্গতভাবেই হতাশ, বিক্ষুব্ধ এবং আতঙ্কিতবোধ করবে,” বলা হয় বিবৃতিতে। সরকারকে বিরোধী মত ও পথের প্রতি সহিঞ্চু হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিদাতারা বলেন, সরকার ভবিষ্যতে সব নাগরিকের বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবে বলে তারা আশা করছেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, মনিরুজ্জামান মিঞা, এম এ মাজেদ, তালুকদার মনিরুজ্জামান, এস এম এ ফায়েজ, আনোয়ার উল্লাহ চৌধুরী, মাহবুব উল্লাহ, ইউসুফ হায়দার, ওয়াকিল আহমেদ, সদরুল আমিন, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সাবেক সচিব মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, মাহমুুদুর রহমান, সাংবাদিক সাদেক খান, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩১৪ ঘ.